২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ম্যান অফ স্টিল

২৮ জুন থেকে  ঢাকায় সুপারম্যান সিরিজের নতুন সিনেমা ‘ম্যান অফ স্টিল’

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2013, 12:59 PM

Updated : 25 Apr 2022, 06:54 PM

হলিউডে সম্প্রতি মুক্তি পাওয়া সুপারম্যান সিরিজের নতুন চলচ্চিত্র ‘ম্যান অফ স্টিল’ এবারে ঢাকায় মুক্তি পাচ্ছে। ২৮ জুন থ্রিডি প্রযুক্তিসম্বলিত থিয়েটারে সিনেমাটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লে¬ক্স।

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (বিপণন ও মিডিয়া) মেজবাহউদ্দিন আহমেদ গ্লিটজকে বলেন, “লাইফ অব পাই, আয়রন ম্যানের মতো সাড়াজাগানো সিনেমার পাশাপাশি ম্যান অফ স্টিলের আগমন ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য আনন্দবার্তা বয়ে আনছে। আনন্দের জোয়ার চলছে জনপ্রিয় কমিক প্রকাশনা সংস্থা ডিকে কমিকস-এও। কারণ, ‘সুপারম্যান’ এবার উদযাপন করছে ডায়মন্ড জুবিলি।”

তিনি আরও বলেন, “১২ জুন বেরিয়েছে এই সিরিজের নতুন কমিক। আর ১৪ জুন মুক্তি পেয়েছে সুপারম্যান সিরিজের ‘ম্যান অব স্টিল’। মুক্তির আগেই আলোড়ন তুলেছে ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স এবং লিজেন্ডারি পিকচার্সের এই সিনেমা। ধারণা করা হচ্ছে নতুন এই সুপারম্যান হবে এখন পর্যন্ত দর্শকদের দেখা সবচেয়ে শক্তিশালী সুপারম্যান।”

এতে দেখা যাবে, ক্রিপটন গ্রহে জন্ম নেওয়া শিশুটি একসময় বুঝতে পারে তার আছে অসাধারণ ক্ষমতা এবং সে এই পৃথিবীর নয়। তারুণ্যে সেই শিশুটিই তার উৎস খুঁজে বেড়ায়, জানতে চায় কেন তাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। সাংবাদিক ক্লার্ক কেইন্টের ছদ্মবেশে সব অপশক্তি আর বিপদ থেকে পৃথিবীকে বাঁচানোই হয়ে ওঠে সুপারম্যানের লক্ষ্য। এটা অনেকেরই জানা। তাহলে ‘ম্যান অব স্টিল’-এ নতুন কী দেখবে দর্শক? জানা যাক সেই গল্প-- এই প্রথম সুপারম্যান হিসেবে দর্শকের সামনে আসছেন ৩০ বছর বয়সী ব্রিটিশ বংশোদ্ভূত তারকা হেনরি ক্যাভিল। তবে হলিউডে তিনি নতুন নন। ফ্রিদা পিন্টোর সঙ্গে ‘ইমমর্টালস’ সিনেমাতেও তাকে দেখা গেছে। তবুও সমালোচকদের মতে, এ যাবৎকালের সবচেয়ে আকর্ষণীয় সুপারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন তিনি। এবার তার পোশাকটাও নতুন। দর্শকদের সামনে এক নতুন সুপারম্যান স্যুটে হাজির হচ্ছেন তিনি। লয়েস লেইনের চরিত্রে আছেন চারবার অস্কার মনোনীত অভিনেত্রী এমি এডামস। সুপারম্যানের বাবার চরিত্রে আছেন অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রো।