Published : 04 Aug 2026, 10:39 PM
বলিউডি নায়ক সালমান খানের ভগ্নস্বাস্থ্যের ছবি সামনে আসে সপ্তাহখানেক আগে। এরপর শুরু হয় সালমানের শরীরিক অবস্থা নিয়ে জল্পনা।
এবার সেই জল্পনা বন্ধে জবাব দিয়েছেন সালমান।
হিন্দুস্তান টাইমস লিখেছে, সালমানের ওজন কমেছে ১৬ কেজি। তবে অভিনেতা মেদ ঝরিয়েছেন স্বেচ্ছায়। এর পেছনে অসুস্থতা কোনো কারণ নয় বলে স্পষ্ট করেছেন তিনি।
রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স-এ সালমান তার ভাই সোহেল খানের সঙ্গে কথোপকথনের সময়ে নিজের ফিটনেস নিয়ে খোলাখুলি কথা বলেন।
তিনি বলেন, “আমি ১৬ কেজি ওজন কমিয়েছি। এটা আমার দীর্ঘদিনের পরিশ্রমের ফল। কারও উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। নিজের ভালোর জন্যই ওজন কমিয়েছি।”
সামনে কিছু কাজের জন্যও মেদ ঝরানো প্রয়োজন ছিল বলে জানিয়েছেন সালমান।
তিনি বলেছেন, এখানেই থামছেন না তিনি; ওজন আরও কমাতে চান তিনি।
কিছুদিন আগে মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটির (এসআরএ) ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সালমান। ওই অনুষ্ঠানের ভিডিও ও ছবিতে সালমানের চোখেমুখে ক্লান্তির ছাপ, মাথা ঢাকা টুপিতে, ম্লান মুখ। এভাবে সালমনকে দেখে চিন্তায় পড়ে যান অনেকেই।
অনেকে সোশাল মিডিয়ায় লিখেছিলেন অভিনেতাকে আগের মতো প্রাণবন্ত লাগছে না।
কেউ কেউ তার সুস্বাস্থ্যও কামনা করেছিলেন।
এবার সালমান তার রোগা হওয়ার কারণ জানালেন।
এদিকে আসামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন সালমান।
সালমান খান ফ্যান ক্লাব (এসকেএফসি) আসামের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত এলাকায় ধাপে ধাপে ত্রাণসহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
অভিনেতার দাতব্য সংস্থা বিয়িং হিউম্যান এবং এসকেএফসি আসাম যৌথভাবে শিবসাগর জেলায় প্রস্তুত খাবারের প্যাকেট বিতরণ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে রেশনসামগ্রী ও ওষুধ বিতরণ করা হবে।