১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ভূমির ঠোঁট নিয়ে হয়েছে কী

ভূমি পেডনেকর তার ঠোঁটের আকারের জন্য ট্রোলড হওয়া নিয়ে কথা বলেছেন।

ভূমির ঠোঁট নিয়ে হয়েছে কী
অভিনেত্রী ভূমি পেডনেকর। ছবি: অভিনেত্রী ভূমি পেডনেকর ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 10:55 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'দ্য রয়্যালস’ নিয়ে যখন আলোচনায় বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর; তখন নতুন করে অভিনেত্রীর পুরনো এক সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে। 

যেখানে ভূমি পেডনেকর তার ঠোঁটে অস্ত্রোপচার নিয়ে কথা বলেছেন।

এনডিটিভি লিখেছে, সোশাল মিডিয়ায় নতুন করে আলোচনায় আসা ভূমির পুরনো সাক্ষাৎকারটি অনেকটা সময়োপযোগী। 

ওই ভিডিওতে দেখা গেছে, অনুপমা চোপড়ার সঞ্চালনায় একটি অনুষ্ঠানে ভূমির সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানা ও রাজকুমার রাও।

সেখানে ঠোঁট নিয়ে তীর্যক মন্তব্যের শিকার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভূমি।

“মানুষ সবচেয়ে অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে পারে। একজন একবার বলেছিলেন আমাকে, ‘তোমার ঠোঁট তো খুব বড়'।

“ তখন ‘আমি বলেছিলাম, ‘কবে থেকে এটা সমস্যা হয়ে গেল’? মানুষ তো এটা করাতে লাখ লাখ টাকা খরচ করছে!”

অভিনেত্রী ভূমি পেডনেকর। ছবি: অভিনেত্রী ভূমি পেডনেকর ফেইসবুক থেকে নেওয়া।  

অভিনেত্রী ভূমি পেডনেকর

ভূমির ভাষ্য, মানুষ এমন সব উদ্ভট মন্তব্য করে যে, সেসব কথায় মাথা না ঘামানোই ভালো।

গেল বছরের এপ্রিল মাসে বোন সামীক্ষা পেডনেকরের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন ভূমি। সেখানে দুই বোনকে দেখতে অনেকটাই একরকম মনে হওয়ায় কেউ কেউ কটাক্ষ করেন “একই সার্জনের কাছে গিয়েছিল নিশ্চয়ই!”

ওই সময় সোশাল মিডিয়ায় এক পোস্টে ভূমি লিখেছিলেন, “নিজের শরীর নিয়ে কেউ কী করবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়। এ নিয়ে অন্য কারও মন্তব্য করা অনুচিত।

ভূমি অভিনীত 'দ্য রয়্যালস' সিরিজটি মুক্তি পেয়েছে ৯ মে। সিরিজে ‘সোফিয়া কানমণি শেখর’ নামের এক সফল নারী উদ্যোক্তার চরিত্রে দেখা যাচ্ছে ভূমিকে।

'দ্য রয়্যালস' সিরিজের দৃশ্য। ছবি: আইএমডিবি।

'দ্য রয়্যালস' সিরিজের দৃশ্য

তার বিপরীতে রয়েছেন ঈশান খাট্টর, যিনি অভিনয় করেছেন মহারাজ অবিরাজ চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন জিনাত আমান, সাক্ষী তানওয়ার, নোরা ফাতেহি ও বিহান সমত।

সিরিজটি পরিচালনা করেছেন প্রিয়াঙ্কা ঘোষ ও নুপূর আস্থানা। তবে সিরিজের শিল্পমান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।