০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

শাকিবের সঙ্গে ‘স্বচ্ছন্দ’ ববি

‘হিরো-দ্য সুপারস্টার’ মুক্তির পর থেকেই শোনা যাচ্ছিল শাকিব খানের সঙ্গে পর্দায় আর জুটি বাঁধতে নাও দেখা যেতে পারে ববিকে। কিন্তু খোদ ববিই গ্লিটজকে জানিয়েছেন, শাকিবের সঙ্গে অভিনয় করতে ‘স্বাচ্ছন্দ্যবোধ’ করেন তিনি। সুযোগ পেলেই ফের জুটি বাঁধবেন ঢাকাই সিনেমার 'নাম্বার ওয়ান'-এর সঙ্গে।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 03:22 PM

Updated : 13 Oct 2022, 12:45 PM

“শাকিবের সঙ্গে অভিনয় করবো না, এ কথা কখনও বলিনি আমি। এ ধরনের কোনো সিদ্ধান্ত কখনও নিইনি। শাকিবের সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি। তার সঙ্গে অভিনীত প্রতিটি সিনেমাতেই আমার নতুন সব অভিজ্ঞতা হয়েছে।”

ববি জানিয়েছেন, শাকিবের সঙ্গে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমায় অভিনয়ের বিষয়ে পরিচালকদের সঙ্গে কথাবার্তা চলছে। সবকিছু চূড়ান্ত নয় বলে সিনেমাগুলোর নাম জানাতে চান না এখনই।

ববি অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ সিনেমাটি ঈদ-উল-আযহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও বেশ কিছু সিকোয়েন্সের শুটিং ও ডাবিং শেষ না হওয়ায় পরিচালক ইফতেখার চৌধুরী মুক্তি দিতে পারেননি সিনেমাটি।

‘অ্যাকশন জেসমিন’-এ ববিকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। ক্যারিয়ারে এই প্রথম কোনো সিনেমার গল্প একাই টেনে নিয়ে যাবেন ববি। সিনেমাটি নিয়ে তার প্রত্যাশার কথা জানালেন।

“অ্যাকশন ধাঁচের হলেও সিনেমার শুরুতে বেশ কটি কমেডি দৃশ্য রয়েছে। সিনেমাতে আমার সঙ্গে সবচেয়ে বেশি দেখা যাবে কৌতুকাভিনেতা ও খলনায়ক কাবিলাকে। তার সঙ্গে কয়েকটি দৃশ্য দর্শককে অন্যরকম আনন্দ দেবে। সিনেমাটি দেখতে বসলে দর্শকের ঘোর কাটবে না।”

এছাড়াও মুক্তির পথে রয়েছে ববি অভিনীত ‘স্বপ্নছোঁয়া’ এবং ‘ওয়ান ওয়ে’ সিনেমা দুটি। রোমান্টিক- অ্যাকশন ধাঁচের সিনেমা দুটির প্রথমটিতে ববির বিপরীতে রয়েছেন সায়মন ও অন্যটিতে বাপ্পী চৌধুরী।

ঈদ-উল-ফিতরে ‘হিরো-দ্য সুপারস্টার’ আসার পর ববির কোনো সিনেমা মুক্তি না পাওয়ায় পিছিয়ে পড়লেন কী না এমন প্রশ্নের জবাবে বললেন, “মোটেই পিছিয়ে পড়িনি আমি। এ বিরতিতে নিজেকে আরও বেশি গুছিয়ে নিতে পেরেছি। সব অভিনেত্রীরই বিরতির দরকার হয়। তাতে সে নিজেকে আরও ভিন্নভাবে পর্দায় উপস্থাপন করতে পারে। তাছাড়া দিনরাত শুধু কাজ আর কাজ- এমন তো হতে পারে না। আমাদেরও তো বিশ্রাম নিতে হয়।”

“আমার দর্শক আজ অবধি আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন বলেই এত দূর আসতে পেরেছি। যে দুটি নতুন সিনেমা আসছে, সেগুলোও তারা হলে গিয়ে দেখবে। তাদের ভালো লাগা, মন্দ লাগার কথাও বলবে আমাকে। তাদের মতামত আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।”

অভিনয়ের পাশাপাশি ববি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন। ‘অ্যাকশন জেসমিন’ এবং ‘ওয়ান ওয়ে’র শুটিং শেষ করে ববি তার প্রযোজনার প্রথম সিনেমার শুটিং শুরু করবেন। সিনেমাতে নায়ক চরিত্রে নতুন মুখ দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

ববি বলছেন, “এত তাড়াতাড়ি প্রযোজনায় আসার ইচ্ছা আমার ছিল না। কিন্তু গল্পটি এত ভালো লেগে গেল যে সিনেমাটি করতেই হচ্ছে। এটা আমার ক্যারিয়ারের জন্য স্পেশাল একটি প্রজেক্ট হতে যাচ্ছে।”