‘ভালোবাসো মোর গান’
কারও সহশিল্পী, কারও সহযোদ্ধা, কারও অগ্রজ। কারও কাছে তিনি নজরুল সংগীতের সমার্থক। কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরোজা বেগমকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি অনেকেই হয়ে পড়েন স্মৃতিকাতর।
নানা প্রজন্মের সংগীতশিল্পীদের পাশাপাশি শ্রদ্ধা জানাতে এসেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শ্রদ্ধা নিবেদন করতে এসেছিল জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কবি নজরুলের নাতনী খিলখিল কাজী বলেন, “খুব ছোটবেলায় দেখেছি, ফিরোজা বেগম দাদুর কাছে আসতেন, তাকে গান শোনাতেন। সেই থেকে তিনি আমাদের পরিবারের একজন হয়ে গেছেন। নজরুল সংগীতকে তিনি প্রাণপনে আঁকড়ে ধরেছিলেন। নজরুলসংগীতের সাধনায় এতটা মনোনিবেশ করতে আর কাউকে দেখিনি আমি। দাদুর গানের মহান সেবক ছিলেন তিনি।”
নজরুল সংগীতশিল্পী সুজিত মোস্তফার নেতৃত্বে নজরুল সংগীতশিল্পী পরিষদ শ্রদ্ধা নিবেদন করেন। ফিরোজা বেগমের প্রতি শ্রদ্ধা জানাতে শিগগিরই তাদের কর্মসূচি আসছে বলে জানান তিনি।
প্রবীণ নজরুল সংগীতশিল্পী খালিদ হোসাইন বলেন, “ফিরোজা বেগমের বহুমাত্রিক শিল্পী হলেও তিনি নজরুলকেই ধ্যান-জ্ঞান করে নিয়েছিলেন। আজীবন নজরুল সাধনায় রত ছিলেন এই শিল্পী। কঠিন পথপরিক্রমায় তিনি নজরুল সংগীতকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়ে গেছেন।”
ফিরোজা বেগমের পরবর্তী প্রজন্মের শিল্পী শাহীন সামাদ, বললেন ফিরোজা বেগমই ছিলেন তার মতো শিল্পীর পথপ্রদর্শক।
“তার গান শুনেই আমরা নজরুল সংগীতের প্রতি আকৃষ্ট হয়েছি। তাকে দেখে আমি নিজেকে নজরুল সাধনায় নিয়োজিত করেছি। তিনি ছিলেন আমার পথপ্রদর্শক। তাকে হারানোর শূন্যতা পূরণ হবার নয় কখনও।”
ছায়ানটের সাধারণ সম্পাদক ও নজরুল সংগীতশিল্পী খায়রুল আনাম ফিরোজা বেগমের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “নজরুলের মৃত্যুর পর তার সংগীত এক পর্যায়ে অভিভাবকহীন হয়ে পড়েছিল। ঠিক সে সময় ফিরোজা বেগম অভিভাবকের গুরুদায়িত্ব পালন করেছেন। নজরুলসংগীত গাইবার ভঙ্গীর পরিস্কার দিকনির্দেশনা তিনি দিয়েছেন।”
নজরুল সংগীতের সুরবিভ্রাট, স্বরলিপি নিয়ে দ্বন্দ্বসহ নানা সমস্যার সমাধানে অগ্রনী ভূমিকা পালন করেছিলেন ফিরোজা বেগম। তার সেই কাজ খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আরেক নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী।
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “স্বাধীনতা পরবর্তী সময়ে তার গান আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। গানের মাধ্যমে তিনি বাঙালি সত্ত্বাকে উজ্জ্বীবিত করেছেন।”
প্রয়াত শিল্পীর বড় ছেলে হামিন আহমেদ বলেন, “আমার মা সারাজীবন দেশের মানুষকে শুধু দিয়ে গেছেন। বাংলা গানকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। দেশবাসীর কাছে অনুরোধ, আপনারা তার গানের মাধ্যমেই তাকে মনে রাখবেন। তার মৃত্যুর মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায় সমাপ্ত হল।”
