শেষ শ্রদ্ধায় সিক্ত নজরুলের গানের পাখি
দীর্ঘ সাত দশক নজরুলের সুর আর বাণীতে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে চিরবিদায় নেয়া কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানাল সর্বস্তরের মানুষ।
বুধবার বেলা দেড়টার দিকে শিল্পীর মরদেহ তার ইন্দিরা রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। তার আগেই সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল হাতে শহীদ মিনার চত্বেরে জড়ো হতে থাকেন।
শিল্পীর ছেলে ব্যান্ডশিল্পী হামিন আহমেদ ও শাফিন আহমেদ এবং স্বজনরাও শহীদ মিনারে উপস্থিত ছিলেন।
মায়ের আত্মার শান্তির জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান হামিন। তিনি বলেন, নজরুলসংগীতকে বিশ্বের দরবারে তুলে ধরতে সারা জীবন সংগ্রাম করে গেছেন তার মা।
ফিরোজা বেগমের বড় ছেলে তাহসিন আহমেদ মায়ের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে ফিরোজা বেগমের মরদেহ জানাজার জন্য নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সন্ধ্যায় বনানী কবরস্থানে তার দাফন হয়।
ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় ৮৪ বছর বয়সী এই শিল্পীর।
রাতে হাসপাতালের হিমঘরে রাখার পর বুধবার সকাল ৮টার দিকে তার কফিন নিয়ে আসা হয় ইন্দিরা রোডের বাসায়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ফিরোজা যখন গানের জগতে প্রবেশ করেন তখনকার বাঙালি মুসলমান সমাজে মেয়েদের সংগীতের তালিম নেয়া সহজ বিষয় ছিল না। কিন্তু বয়স দশ বছর পেরুনোর আগেই তার কণ্ঠে নিজের গান শুনে মুগ্ধ হন খোদ কবি নজরুল ইসলাম।
১৯৫৫ সালে সুরকার কমল দাশগুপ্তের সঙ্গে বিয়ে হয় ফিরোজার। নজরুলের সরাসরি সংস্পর্শে আসা কমল বিদ্রোহী কবির প্রায় এক-তৃতীয়াংশ গানে সুর দিয়েছেন। ফিরোজা নিজেও পরে নজরুলের গানের স্বরলিপি তৈরি করেন; সুর সংরক্ষণে ভূমিকা রাখেন।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৯ সালে স্বাধীনতা পদকসহ দেশে-বিদেশে নানা পুরস্কারে ভূষিত হয়েছেন ফিরোজা বেগম।
