ফিরোজা বেগম এখনও সঙ্কটাপন্ন
কিডনির জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম এখনো শঙ্কামুক্ত নন।
৮৪ বছর বয়সী এই শিল্পী সোমবার সকাল থেকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে রয়েছেন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
মঙ্গলবার দুপুরে তাকে দেখে এসে ছায়ানটের অন্যতম সংগঠক খায়রুল আনাম শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার অবস্থা একেবারে সংকটমুক্ত, এটা বলা যাবে না। চিকিৎসকরা বলছেন, তিনি ক্রিটিক্যাল পর্যায়ে, তারা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন।”
কিডনির পাশাপাশি ফিরোজা বেগমের হৃদযন্ত্রেও জটিলতা রয়েছে, তার চিকিৎসাও চলছে।
“আগে যে অবস্থা ছিল, তা অপরিবর্তিত রয়েছে,” বলেন শিল্পী শাকিল।
“এর আগেও তিনি (ফিরোজা) সুস্থ হয়ে ফিরে এসেছেন, আমরা সবাই প্রার্থনা করি যেন দ্রুত ভালো হয়ে ওঠেন।”
কিডনির সমস্যা প্রকট হয়ে ওঠায় সোমবার সকালে ফিরোজা বেগমকে হাসপাতালে নেয়ার পরপরই তাকে সিসিইউতে পাঠানো হয়।
তখন তার বড় ছেলে কণ্ঠশিল্পী হামিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “গত সপ্তাহে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছিল। আজ সকালে তার কিডনির সমস্যা বেড়ে যাওয়ায় আবার বিশেষভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
অ্যাপোলোতে ফিরোজা বেগম রয়েছেন নেফ্রোলজি ও কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বিভাগের কো-অর্ডিনেটর অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট কৃষ্ণ মোহন সাহুর তত্ত্বাবধানে।
গত বছরের এই সময়ে একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফিরোজা বেগম।
নজরুলের সরাসরি সংস্পর্শে আসা ফিরোজা বেগমের স্বামী কমল দাশগুপ্ত বিদ্রোহী কবির প্রায় এক-তৃতীয়াংশ গানে সুর দিয়েছেন।
ফিরোজা বেগম স্বাধীনতা পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মাননায় ভূষিত। এর মধ্যে রয়েছে শিল্পকলা একাডেমি পুরস্কার, শ্রেষ্ঠ টিভি শিল্পী পুরস্কার (পাকিস্তান এবং বাংলাদেশ), নাসিরউদ্দিন স্বর্ণপদক, স্যার সলিমুল্লাহ স্বর্ণপদক, দীননাথ সেন স্বর্ণপদক, সত্যজিৎ রায় স্বর্ণপদক, বাচসাস পুরস্কার, সিকোয়েন্স পুরস্কার ইত্যাদি।
