২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় গীতশ্রী সন্ধ্যা

বাংলা গান আর শাস্ত্রীয় সঙ্গীতের সোনালি আকাশে আকস্মিক যেন সন্ধ্যা ঘনাল। নিভল শেষ সূর্যর আলো। নব্বই বছর বয়সে চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> চিররঞ্জন সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 07:23 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

জন্ম ৪ অক্টোবর ১৯৩১ সালে, প্রয়াত হলেন ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি। সঙ্গীতভূবনে তার দীর্ঘ বর্ণাঢ্য পথযাত্রা। মাত্র তের বছর বয়সে এইচএমভি-র ‘তুমি ফিরায়ে দিয়াছ’, ‘তোমারো আকাশে ঝিলমিল করে চাঁদের আলো’ দিয়ে গানের রেকর্ড বের করা শুরু। এরপর চলেছে তা বিরামহীনভাবে। ‘গায়ের রং কালো, রূপেও কোনো আকর্ষণ ক্ষমতা নেই, বিয়ের পাত্রী হিসেবে একেবারেই অচল’౼এমন কথা শুনতে হত যে মেয়েকে সেই মেয়েই গানকে তাঁর জীবনের অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন। বাংলাগানে প্রাণ সঞ্চার করেছেন, অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

গান দিয়ে তিনি সুরের মায়াজাল সৃষ্টি করতেন। তার কাঁপা-কাঁপা কণ্ঠের অবিস্মরণীয় সব গান বাংলাসঙ্গীতের অমূল্য সম্পদ। শাস্ত্রীয় থেকে সিনেমার গান, সমস্ত ধারাতেই সাবলীল ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি সব ধরনের সঙ্গীতেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, নিজের স্বকীয়তা প্রদর্শন করেছেন। তিনি একই সঙ্গে শাস্ত্রীয়সঙ্গীত, সিনেমার গান, আধুনিক গান, নজরুলগীতি, রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, সেই সঙ্গে হিন্দি সিনেমার গানও গেয়েছেন। গেয়েছেন ভজন, গীত, গজল। বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তিনি অসমিয়া,গুজরাটি,পাঞ্জাবি, এমনকি জম্মু কাশ্মীরের ডোগরি ভাষায় গান গেয়েছেন। আফগানিস্তানের পশতু ভাষাতেও গান গেয়েছেন। লতা-আশার বাইরে এত দীর্ঘ সময় ধরে কোনও শিল্পী এত ব্যাপক ও বৈচিত্র্যময় গান গাননি, সঙ্গীতের পথে বিচরণ করেননি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিরবিদায়

সন্ধ্যা মুখোপাধ্যায়: যার কণ্ঠ জড়িয়ে বাঙালির অবিস্মরণীয় এক দিনে  

সন্ধ্যার স্মৃতিমালা  

১৯৫০ সালে বিখ্যাত সঙ্গীতসাধক এসডি বর্মণের অনুরোধে বোম্বে যান। সেখানে ১৭টি হিন্দি চলচ্চিত্রে নেপথ্য গায়িকা হিসেবে গান করেছেন সন্ধ্যা। কিন্তু বলিউডে নিজের সাঙ্গীতিক জীবন দীর্ঘায়িত করেননি। ১৯৫২ সালে তিনি কলকাতায় ফিরে আসেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কলকাতাতেই সঙ্গীত সাধনা করেছেন। বিয়ে করেছেন বাংলা গানের বিখ্যাত গীতিকার শ্যামল গুপ্তকে।

Image
ছবি: আনন্দবাজার পত্রিকা

ছবি: আনন্দবাজার পত্রিকা

তিনি বড়ে গোলাম আলীর কয়েকটি বিখ্যাত হিন্দি ঠুংরির অনুসরণে বাংলা ঠুমরি—‘আসে না শ্রীতম’, ‘বাজুবন্ধ খুলে খুলে যায়’, ‘কাটে না বিরহেরি রাত’ ইত্যাদি গেয়েছেন। আবার চটুল ধাঁচের ‘ও প্রজাপতি প্রজাপতি পাখনা মেল’ গেয়েছেন। শাস্ত্রীয়সঙ্গীতে তাঁর ছিল পূর্ণ দখল। কিন্তু তিনি যখন আধুনিক গান কিংবা রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, তখন তাঁর শাস্ত্রীয় গানের সত্তাটি অনায়াসে লুকিয়ে রাখতে পারতেন। যে গানের যে শৈলী, যে মাদুর্য ও অলঙ্কার, সেই গানে সেই অলঙ্কার ও শৈলীতেই প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এখানেই সন্ধ্যা অনন্য, বিশিষ্ট্য।

বাংলায় এত জনপ্রিয় গান আর কোনো শিল্পীর নেই। ‘আমি তার ছলনায় ভুলব না’, হয়তো কিছুই নাহি পাব’, ‘আমি তোমারে ভালো বেসেছি‘, ‘তুমি না হয় রহিতে কাছে’, 'আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে','মায়াবতী মেঘে এল তন্দ্রা','শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি','চম্পা চামেলি গোলাপেরই বাগে', ‘ঝরাপাতা আর ঝড়ে নেভা দীপ যারা’, ‘আমাদের গান শুনেছে রাতের ফুল’, ‘গানে তোমায় আজ ভোলাবো’, ‘প্রজাপতি মন আমার পাখায় পাখায় রং ছড়ায়’, ‘একটি দুটি তারা করে উঠি উঠি’, ‘বাঁশী বুঝি আর নাম জানে না’, ‘অনেক দূরে ঐ যে আকাশ নীল হল’, ‘আজ কেন ও চোখে লাজ কেন’, আঁখি ওতো আঁখি নয়, বাঁকা ছুরিগো’, ‘ললিতা গো বলে দে কোন পথে গেল শ্যাম’, ‘এই সাঁঝ-ঝরা লগনে আজ কে ডাকে আমায়’, ‘পৃথিবী তোমার সুন্দর মুখ’, ‘কোন বৈশাখী দিনে আকাশ ভাঙ্গানো ঝড়’, ‘ক্লান্তির পথ বুঝি বা ফুরাল মোর’, ‘এ হৃদয় লয়ে প্রতি ক্ষণে ক্ষণে’, ‘যদি নাইই দেবে চাইনা তো মন’, ‘এ আড়াল সহিতে পারি না ওগো অকরুণ’, ‘বাইরে আমার যা দেখ গো সবটুকু তার অভিনয়’, ‘আমি আঁধার আমি ছায়া আমি মবীচিকা মরুমায়া’, ‘এই সাঁঝ-ঝরা লগনে আজ কে ডাকে আমারে’, ‘আমার সূর্যমুখী তোমার মুখের পানে’, ‘এই সুন্দর রাত্রি আকাশ পারে’, ‘প্রভু তোমার আলোরে তুমি কেড়ে নাও’, ‘যদি ভুল করে ভুল মধুর হল’, ‘মাটিতে চন্দ্রমল্লিকা আকাশে চন্দ্রকলা’, ‘পাখীর কূজন শুনে আর রাতের তারা এনে’, ‘ঝিরি ঝিরি পিয়ালের ঠাণ্ডা ছায়াতে আজ’, ‘আজ এইতো প্রথম এমন করে আমার কাছে এলে’, ‘আমি শুধু ভাঙি জানিনা তো গড়িতে’, ‘জানিনা এ মালা কার গলে পরাব’, ‘সত্যম শিবম সুন্দরম হে তুমি’, ‘আমার জীবনে নেই আলো আছে আলেয়ার হাতছানি’, ‘সরমে জড়ানো আঁখি মুখপানে মেলে রাখি’, ‘না জানি কোন ছন্দে একি দোলা জাগে’, ‘আমি আর যে পারিনা সহিতে’, ‘আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে’, ‘যেখানে পলাশ লালে লাল’, ‘মোর ভীরু সে কৃষ্ণকলি’, ‘যে অতিথি এসেছিল মোর এই দ্বারে’, ‘পাখী জানে ফুল কেন ফোটে গো’, ‘ফুলের কানে ভ্রমর আনে স্বপ্নভরা সম্ভাষণ’, ‘কে তুমি আমারে ডাকো’, ‘গানে মোর কোন ইন্দ্রধনু’, ‘মায়াবতী মেঘে এল তন্দ্রা’, ‘ঢেউ তুলে তুলে হয় সাগর নদী’, ‘ও কুহু কুহু কুহু ডাকে কোয়েলিয়া’, ‘কেন এ হৃদয় চঞ্চল হোলো’, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’, ‘চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে’, ‘এই পথ যদি না শেষ হয়’, ‘মধু মালতি ডাকে আয়’, ‘তির বেঁধা পাখি আর গাইবে না গান’, ‘কে তুমি আমারে ডাকো’, ‘আর ডেকো না’-র মতো অসংখ্য কালজয়ী গান তাঁকে অমর করে রাখবে সঙ্গীতের দুনিয়ায়।

Image
ছবি- রাকা ভট্টাচার্য্য

ছবি- রাকা ভট্টাচার্য্য

নব্বই দশকের শেষে কবীর সুমনের সুরে ‘আসছে শতাব্দীতে আসব ফিরে তোমার খবর নিতে’ গেয়েছেন সন্ধ্যা। জীবনমুখী গানেও তিনি নতুন পালক যোগ করেছেন। ২০০৩ সালে শেষ অ্যালবাম বের করেছেন সন্ধ্যা। জটিলেশ্বর মুখোপাধ্যায়, মৃণাল বন্দ্যোপাধ্যায়, সুমন চট্টোপাধ্যায় এবং স্বপন বসুর সুরে আটখানা আধুনিক গান গেয়েছেন এই অ্যালবামে। শেষ যে গান সন্ধ্যা জটিলেশ্বরের সুরে রেকর্ডিং করলেন সে গান আজও সন্ধ্যা মুখোপাধ্যায়ের অমর অশেষ গান—‘চারিদিকে শুধু দারুণ শব্দ পৃথিবী চলেছে পুড়ে/ ভয় পেয়ে সেই সাদা পায়রাটা গিয়েছে আমার উড়ে…।’

বাংলাদেশের মুক্তিযুদ্ধেও পরোক্ষভাবে বিশেষ ভূমিকা পালন করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলাদেশি উদ্বাস্তুদের জন্য অর্থ সংগ্রহ থেকে শুরু করে বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা, সব কিছুতেই তিনি আন্তরিকভাবে অংশ নেন। এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য দশাত্মবোধক গান রেকর্ড করা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেল থেকে মুক্তি উপলক্ষে ‘বঙ্গবন্ধু তুমি এলে’-র মতো গানও গেয়েছেন সন্ধ্যা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ২১শে ফেব্রুয়ারিতে ঢাকার পল্টন ময়দানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাতেও বিদেশী  শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন তিনি।

মাত্র কিছুদিন আগে ভারত সরকার সন্ধ্যাকে ‘পদ্মশ্রী’ সম্মানের জন্য নির্বাচিত করেন। কিন্তু জীবনের শেষ লগ্নে এসে এ পুরস্কার প্রদান করায় অভিমানে তিনি তা প্রত্যাখ্যান করেন। বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নব্বই বছরে আমায় শেষে পদ্মশ্রী নিতে হবে? আর এই ফোন করে বললেই চলে যাব আমি? আমি বলে দিয়েছি, আমার পদ্মশ্রীর কোনো দরকার নেই। শ্রোতারাই আমার সব।’

সত্যিই তাই, সন্ধ্যার মতো শিল্পীর জন্য কোনো পুরস্কারই যোগ্য নয়। সবচেয়ে বড় পুরস্কার তিনি অর্জন করেছেন প্রায় এক শতাব্দী ধরে কোটি কোটি মানুষের হৃদয় জয় করে। এপার বাংলা, ওপার বাংলা-দুই বাংলার মানুষের কাছেই প্রাণের শিল্পী ছিলেন সন্ধ্যা। নির্লোভ, নিরহঙ্কার, বিনয়ী, সাদামাটা জীবনে অভ্যস্ত এই মহান শিল্পীর গানের সঙ্গেই কেটে গেছে সারাটা  জীবন। তাঁর গান যেন সন্ধ্যার মেঘমালা হয়েই চিরদিনের জন্য রয়ে গেল বাঙালির হৃদয়ে। গানে গানেই তো তিনি শুনিয়েছিলেন ..‘জানি না ফুরাবে কবে এই পথ চাওয়া।’ সুরের রাজগৃহে সন্ধ্যা মুখোপাধ্যায় চিরকালের সম্রাজ্ঞী। তার গান অক্ষয়, অবিনশ্বর।

অসংখ্য মানুষের হৃদয়ের আকুতিকে কণ্ঠে ধারণ করে শিল্পী যেন বলে গেলেন জীবনের শেষ কথাটি :

‘আর জনমে হয় যেন গো
তোমায় ফিরে পাওয়া
যেন শত জনম জেগে থাকে
এই জন্মের চাওয়া…..’