২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বলিউডের সিনেমা ‘সাবাস মিঠু’র শুটিংয়ে সৃজিত মুখার্জি

ভারতীয় নারী ক্রিকেট দলে অধিনায়ক মিতালি রাজের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘সাবাস মিঠু’ নির্মাণের দায়িত্ব পাওয়ার পর এবার শুটিং শুরু করলেন পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2021, 12:36 AM

Updated : 02 Aug 2022, 06:12 PM

বৃহস্পতিবার ফেইসবুক পোস্টে এ খবর জানালেন নির্মাতা সৃজিত। সপ্তাহ খানেক আগেই তিনি মুম্বাই গেছেন।

‘সাবাস মিঠু’র নামাঙ্কিত ক্ল্যাপস্টিপে ছবি প্রকাশ করে সৃজিত লিখেছেন, “চেনা গণ্ডি থেকে বেরিয়ে বাইরের টেস্ট ম্যাচগুলো আরও বেশি চ্যালেঞ্জিং।”

প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন স্টুডিওসের প্রযোজনায় ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন বলিউডের হালের নায়িকা তাপসি পান্নু। শুরুর দিনে তাপসি ছিলেন কি না-তা জানা যায়নি।

এটি সৃজিতের দ্বিতীয় হিন্দি চলচ্চিত্র; এর আগে ২০১৭ সালে তার বাংলা ছবি ‘রাজকাহিনি’র হিন্দি রিমেক ‘বেগমজান’ নির্মাণ করেছিলেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ভায়াকম এইটিন স্টুডিওর তরফ থেকে এ সিনেমার পরিচালক হিসেবে সৃজিতের নাম ঘোষণা করা হয়েছে।

সৃজিত মুখার্জির হিন্দি সিনেমায় তাপসি পান্নু  

তখন সৃজিত বলেছিলেন, “এই সিনেমা সম্পর্কে প্রথম যখন শুনেছিলাম তখন থেকেই ছবিটি নিয়ে বেশ আগ্রহী ছিলাম। এখন আমি নিজেই এই ছবির অংশ হয়ে গেলাম। দুর্দান্ত গল্পটিকে পর্দায় তুলে আনার জন্য আমি মুখিয়ে আছি।”

২০১৯ সালের ডিসেম্বরে মিতালি রাজের জন্মদিনে এই ছবির ঘোষণা দিয়েছিল ভায়াকম এইটিন। মিতালি রাজের চরিত্রে ইতোমধ্যে তাপসি পান্নুকে চূড়ান্ত করা হয়েছে। ছবির চিত্রনাট্য লিখেছেন প্রিয়া অ্যাভেন।