Published : 01 May 2019, 12:31 AM
বাংলাদেশের অগ্রগণ্য ব্যান্ড ফিডব্যাকের চার দশক পূর্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘ফোর ডিকেডস অব ফিডব্যাক’ শীর্ষক কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে প্রায় কুড়ি বছর পর একসঙ্গে মঞ্চে উঠলেন ফিডব্যাকের নব্বইয়ের দশকের সারথিরা। চল্লিশ বছরে দাঁড়িয়ে ঘুরেফিরে সেই স্মৃতিময় দিনগুলোকেই সামনে আনলেন ফিডব্যাকের সদস্যরা।

সন্ধ্যা সাড়ে ছয়টার শুরু হওয়া এ অনুষ্ঠানের শুরুতেই ‘ভিনটেজ’ সেশনে মঞ্চে আসেন সেই ইন্টারকন্টিনেন্টালের দিনগুলোতে বাংলা গান নিয়ে স্বপ্ন বুনে যাওয়া তরুণরা। চল্লিশ বছর পর সেই দিনগুলোকেই ফিরে আনলেন সেলিম হায়দার, রোমেল খান, ফুয়াদ নাসের বাবু, মন্টু, মাকসুদরা। পরিবেশন করলেন নিজেদের প্রথম রেকর্ড করা গান ‘এই দিন চিরদিন রবে।’
এরপর ফিডব্যাকের ‘মৌসুমী’র দুইটি গান পরিবেশন ওয়ারফেইজ। দলটির পরিবেশনা শেষে মঞ্চে উঠে ফিডব্যাকের বর্তমান বর্তমান সদস্যরা। একে একে পরিবেশন করে ‘উড়ু উড়ু মন’, ‘নিঝুম রোদে’, ‘পথ হারা পথিক ও ‘আবার মেলা’র মতো শ্রোতাপ্রিয় গান।
১৯৯৬ সালে ফিডব্যাক ছাড়েন দলের প্রধান গায়ক মাকসুদুল হক। যার কণ্ঠে ‘মেলায় যাই রে’ গানটি জনপ্রিয়তা চূড়ায় পৌছেছে। ফিডব্যাক ছাড়ার পর বছর তিনেক বিষণ্নতায় আক্রান্ত হয়ে কোনো গানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেননি বলে জানান তিনি।

২০০৩ সালে ফিডব্যাকের যুক্ত হন তিনি। মঞ্চে পারফর্মের শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় বললেন, “ফুয়াদ নাসের বাবু ভাইয়ের সঙ্গে একটা জিঙ্গেল করেছিলাম। উনি আমার ভয়েস পছন্দ করে ফিডব্যাকে যুক্ত হতে বলেন। আমি মূলত ইংরেজি গান করার জন্য ফিডব্যাকে এসেছিলাম। এখন বাংলা গান করছি।”
ফিডব্যাকের ৪০ বছর পূর্তিতে যুক্ত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান ভাবছেন ৪২ বছর বয়সী এ শিল্পী।
ফিডব্যাক’র বর্তমান লাইনআপের পর ফিডব্যাক’র গান নিয়ে মঞ্চে উঠে আরেক ব্যান্ড মাইলস। মঞ্চে দাঁড়িয়ে ফিডব্যাককে ‘বাংলা গানের গর্ব’ হিসেবে অভিহিত করলেন দলটির ভোকাল শাফিন আহমেদ।

বাংলা ব্যান্ডকে অনেক চড়াই-উতরাই পেরিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে হয় বলে জানান মাইলসের আরেক সদস্য হামিম আহমেদ।
“অপসংস্কৃতির দায় মাথায় নিয়ে আমরা, ফিডব্যাক পথচলা শুরু করেছিলাম। আজ সারা দেশে ব্যান্ড একটি অন্যরকম আবেগ ও ভালোবাসার নাম। সেই পথ ধরে ফিডব্যাকের চার দশক পার হয়ে যাওয়া দেখে আমি আপ্লুত।”
স্মৃতি হাতরে আশির দশকে ফিরে এ হামিম বললেন, “আমরা যখন ইংরেজি গানের দুটি অ্যলবাম করে পরিচিত পাচ্ছিলাম তখন ফিডব্যাক ‘মৌসুমী’ গান দিয়ে দেশ মাতিয়ে ফেলেছে। মাকসুদ, বাবু, লাবু-সবাই আমাদের প্রাণের মানুষ। তাদের দলের চার দশকের পথচলায় গাইতে পেরে ভালো লাগছে। রক গানের জয় হোক।”

রাত সাড়ে ৯টায় দ্বিতীয় দফায় মঞ্চে উঠে ফিডব্যাডের পুরানো সদস্যরা। মাকসুদুল হক কণ্ঠে তোলেন কাওসার আহমেদ চৌধুরীর লেখা তুমুল জনপ্রিয় গান ‘মৌসুমি কারে ভালোবাসো তুমি’। গানের সঙ্গে কণ্ঠ মেলাতে থাকেন হলভর্তি দর্শকরাও।
এরপর ‘মনে পড়ে তোমায়’ পরিবেশনের পর বিশ মিনিটের বিরতি নেয় দলটি। বিরতিতে মঞ্চে ফিডব্যাকের গান পরিবেশন করে দলছুট।
সবশেষে আবারও মঞ্চে আসে ফিডব্যাকের সদস্যরা। কয়েকটি গান পরিবেশনের পর একে একে মঞ্চে উঠে ওয়ারফেইজ, দলছুট, মাইলস ও আর্টসেলের সদস্যরা। একযোগে ‘মেলায় যাই রে’ গানটি পরিবেশন করলে তাদের সঙ্গে যোগ দেয় দর্শকরাও। যৌথ পরিবেশনার মধ্য দিয়েই সমাপ্তি ঘটে এ আয়োজনের।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগীতশিল্পী এলিটা করিম। অনুষ্ঠানটি আয়োজন করে প্রাণ গ্রুপ।