Published : 22 Jun 2026, 04:59 PM
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেইনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার বেলা আড়াইটার দিকে এনসিটি দক্ষিণ অংশে চার নম্বর বার্থে থাকা ওই রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেইনে (আরটিজি) আগুনের সূত্রপাত হয় হয় বলে বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানিয়েছেন। বিকেল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আরটিজি বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠা-নামার কাজে ব্যবহৃত একটি যন্ত্র। আগুনের তাপে কয়েকটি কনটেইনার আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
নাসির উদ্দিন বলেন, "দ্রুততার সাথে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক আছে।"
বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মোনেম বিল্লাহ বলেন, "ক্রেনটি আগুনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকটি কনটেইনারে আগুনের তাপ লেগে আংশিক ক্ষতি হয়েছে।
"আগুন নির্বাপনের পর সেখানকার কাজকর্ম আবার স্বাভাবিক গতিতে চলছে।"
বন্দরের কর্মকর্তারা বলেন, আগুনের ঘটনায় ঘটনাস্থলের আশেপাশে একাংশে কনটেইনার উঠা-নামার কাজ কিছু সময় বন্ধ ছিল। তবে এই ঘটনা এনসিটির অন্যান্য অংশে কনটেইনার উঠা-নামার কাজে কোন প্রভাব ফেলেনি।