Published : 20 Oct 2017, 09:50 PM
সাধারণত ব্যান্ডের বাইরে একক ভাবে গান করেন না লুমিন। এবার ব্যান্ডের বাইরে গিয়ে পরপর তিনটি গানে কণ্ঠে দিলেন এই সংগীতশিল্পী। বিষয়ভিত্তিক গান তিনটি হলো—‘পঁচিশে মার্চ, ‘কাঁদো বাঙালী আজ কাঁদো' ও ‘মা’। প্রথম দুটি গান আগেই ধারণ হয়েছে।
১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে রচিত ‘পঁচিশে মার্চ’ শিরোনামের গানটি ইতিমধ্যেই ঢাকার রাজারবাগ পুলিশ মুক্তিযোদ্ধা যাদুঘরে স্মারক হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় ‘মা’ গানটি রাজধানীর ম্যক্সটিউন স্টুডিওতে লুমিনের কণ্ঠে ধারণ হয়।
সবগুলো গান লিখেছেন দেওয়ান লালন আহমেদ, সুর করেছেন সাজেদ ফাতেমী। সংগীত করেছেন জে আর সুমন।
ব্যান্ডের বাইরে গিয়ে প্রথম গান করা প্রসঙ্গে লুমিন বলেন, ‘‘লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। পুলিশে কর্মরত থাকলেও থিয়েটার করা , বই লেখা, গান লেখা তাঁর দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা। বন্ধুর অনুরোধ ফেলতে পারিনি।’’
তিনি আরও বলেন,“ ‘বঙ্গবন্ধু’, ‘পঁচিশে মার্চ ’ আর ‘মা’-এর ওপর গানগুলো। তাই নিজেও খানিকটা তাগিদ অনুভব করেছি গানগুলো গাইতে।’’
গানগুলোর গীতিকার দেওয়ান লালন বলেন, ‘‘মুক্তিযোদ্ধার সন্তান আমি। নিজেও মুক্তিযুদ্ধ ধারণ করি। সেই চেতনা থেকেই এ ধরনের গান লেখা।’’
লুমিন বলেছেন, সবগুলো গানের ভিডিও করা হবে। এরপর এক এক করে ইউটিউবে মুক্তি দেওয়া হবে ভিডিওগুলো।