রাগ ভূপালি-চারুকেশীতে শুরু পঞ্চম দিনের আসর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের নবীন শিক্ষার্থীদের কণ্ঠে রাগ ভূপালিতে শুরু হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের শেষ দিনের আসর।
ভোরে কিংবদন্তি বাঁশুরিয়া হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির রাগিনীতে পর্দা নামবে উপমহাদেশের অন্যতম বৃহৎ এই সংগীত আসরের।
সোমবার সন্ধ্যা ৭টায় শুরু হয় পঞ্চম দিনের আসর। অনুষ্ঠানের শুরুতেই দলীয় কণ্ঠসংগীত পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ। বিভাগের শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে রাগ ভূপালী পরিবেশন করেন, যাতে তবলায় তাল দেন স্বরূপ হোসেন ও জাকির।
পরিবেশনা শেষ হলে শিল্পীদের হাতে উৎসবের সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত দেব মুখার্জী। শিল্পীদের পক্ষে স্মারক গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. লিনা তাপসী।
এরপর বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থীরা দলীয় সেতার পরিবেশন করেন। সেতার, তবলা ও গিটারের সম্মিলিত সুরে তারা পরিবেশন করেন রাগ চারুকেশী। তবলায় ছিলেন প্রশান্ত ভৌমিক ও সুপান্থ মজুমদার।
বাদ্য শেষে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় কারুশিল্প পরিষদের সহ-সভাপতি রুবি গজনবী।
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-এর আনুষ্ঠানিক সমাপনী ঘোষণা আসে এরপরই। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান।
মঞ্চে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
প্রফেসর এমেরিটাস ড. আনিসুজ্জামান বলেন, “আমাদের দেশে উচ্চাঙ্গ সংগীতের চর্চা যখন স্তিমিত হতে যাচ্ছিল তখন এই উৎসব সে চর্চাকে আবার উজ্জীবিত করেছে, যা আমাদের জাতীয় চেতনায় নতুন মাত্রা যোগ করেছে।”
এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হককে।
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ তাঁর বক্তব্যের শুরুতে সদ্যপ্রয়াত লেখক সৈয়দ শামসুল হককে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
তিনি বলেন, “আমাদের রক্তে শুদ্ধ সংগীতের ধারা বইছে। এই ভূখণ্ড থেকে এক সময় ওস্তাদ আলী আকবর, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, পণ্ডিত রবিশংকরের মতো শিল্পীর জন্ম হয়েছে। এই উৎসব চলমান থাকলে পুনরায় আমরা বিশ্বমানের শিল্পী পাব।”
মেয়র আনিসুল হক দেশের সংগীতশিল্পকে আরও এগিয়ে নিতে শিল্পীদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য সংগীত প্রযোজকদের প্রতি অনুরোধ জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরকে পুরান ঢাকার ১২টি সংগীত বিদ্যালয় পরিচালনার ভার নিতে অনুরোধ করেন। পরে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার জন্য পর্যাপ্ত সাহায্য করারও আশ্বাস দেন তিনি।
মৌলবাদী অপশক্তি প্রতিরোধে এই উৎসবকে একটি শক্তিশালী উদ্যোগ মন্তব্য করে সাঈদ খোকন বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো অপশক্তি এই অগ্রযাত্রা রুখতে পারবে না।”
বক্তব্য পর্বের মাঝে সদ্যপ্রয়াত লেখক সৈয়দ শামসুল হক, হোলি আর্টিজানে নিহত দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত দেশি-বিদেশি নাগরিকদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেষ দিনের উৎসবে সন্তুর পরিবেশনায় থাকছেন পণ্ডিত শিবকুমার শর্মা, খেয়াল শোনাবেন পণ্ডিত কুমার মাদুর ও আরতী আঙ্কালিকর; সেতার পরিবেশন করবেন পণ্ডিত কুশল দাস।
সংগীতজগতে সন্তুর শব্দটির সঙ্গে পণ্ডিত শিবকুমার শর্মার নাম অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে। নানা বাধা উপেক্ষা করে বাবার অনুপ্রেরণাতে কাশ্মিরি লোকসংগীতে ব্যবহৃত সন্তুরকে মার্গ সংগীতের মঞ্চে উপস্থাপন করেন তিনি। একনিষ্ঠ অধ্যবসায়, ক্লান্তিহীন গবেষণা ও পুনঃপুনঃ বিনির্মাণের মাধ্যমে সন্তুরবাদনে তিনি নতুন মাত্রা সংযোজন করেন এবং তা তাকে এনে দেয় অভাবনীয় সাফল্য।
কুমার মাদুর ধারাওয়াড় গায়নরীতির একজন কুশলী কণ্ঠশিল্পী। কুমারের হাতেখড়ি তার বাবা কিরানা ও গোয়ালিয়র ঘরানার বিশিষ্ট কণ্ঠশিল্পী পণ্ডিত সোমনাথ মাদুরের কাছে।ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে তিনি সংগীত পরিবেশন করেছেন।
ছবি: বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে
খেয়ালিয়া আরতি আঙ্কলিকার আগ্রা গোয়ালিয়র ঘরানার পণ্ডিত বসন্তরাও কুলকার্নি এবং জয়পুর আত্রৌলি ঘরানার কিশোরী আমানকারের কাছে সংগীতে তালিম নেন। সুকণ্ঠী এই গায়িকার তাল ও সুরের ওপর চমৎকার দখল তার পরিবেশনাকে করে তোলে মোহনীয়। ‘সংহিতা’ ছায়াছবিতে কণ্ঠ দিয়ে জাতীয় পুরস্কার লাভ করেছেন তিনি।
শেষ রাতে মঞ্চে উঠবেন বাঁশির জাদুকর হরিপ্রসাদ চৌরাসিয়া। বেনারসের পণ্ডিত রাজা রামের কাছে কণ্ঠসংগীতে তালিম নেওয়ার পরে হঠাৎ একদিন পণ্ডিত ভোলানাথের বাঁশি শুনে তিনি বাঁশিবাদন শেখার সিদ্ধান্ত নেন। ‘পদ্মবিভূষণ’ খেতাবের পর ডাচ রাজ পরিবারের পক্ষ থেকে ‘অফিসার ইন দ্য অর্ডার অফ ওরাঞ্জ ন্যাসো’ খেতাব এবং ফরাসি সরকারের পক্ষ থেকে নাইট উপাধি লাভ করেন তিনি। পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া বর্তমানে রটারড্যাম মিউজিক কনজারভেটরির ওয়ার্ল্ড মিউজিক বিভাগের আর্টিস্টিক ডিরেক্টর হিসেবে নিয়োজিত আছেন।
