২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রমুগ্ধ ধ্রুপদ সন্ধ‌্যা

সেতার আর বাঁশিতে কর্ণাটকি সুরে সৃজন-প্রকৃতির বন্দনায় শুরু করে ঠুমরীতে শেষ হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের তৃতীয় দিনের আসর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 10:47 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

পুরনো খবর:

দিকপালদের নিয়ে ঢাকায় শুরু হচ্ছে বেঙ্গল ‍উচ্চাঙ্গ সংগীত উৎসব
শুরু হল উচ্চাঙ্গ সংগীত উৎসব
ওড়িশি নৃত্য, খেয়াল-ঠুমরি-আলাপ আর যন্ত্রসংগীতের ধুন

ঢাকার আর্মি স্টেডিয়ামে আসা দর্শক-শ্রোতাদের পুরোটা সময় ধ্রুপদ পরিবেশনায় মন্ত্রমুগ্ধ করে রাখেন শশাঙ্ক সুব্রামনিয়াম, খেয়ালিয়া প্রভা আত্রে, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উদয় ভাওয়ালকার ও রশিদ খানের মত শিল্পীরা।

শনিবার অঘ্রাণ সন্ধ‌্যায় এ আসর শুরু হয় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের নবীন শিক্ষার্থীদের দলীয় সরোদ পরিবেশনায়। সরোদে কাফি রাগ পরিবেশনায় তাদের সঙ্গে তবলায় সঙ্গত করেন পিনু সেন দাশ ও রতন কুমার দাশ।

তারপরই মঞ্চে আসেন কর্ণাটকি সংগীতরীতির বংশীবাদক শশাঙ্ক সুব্রামনিয়াম। ‘সিটি অ্যাওয়ার্ড’ এবং ‘রোটারি অ্যাওয়ার্ডস অব এক্সেলেন্স’ খেতাবজয়ী শশাঙ্ক প্রথমে পরিবেশন করেন পূর্ব কল্যাণী রাগ। প্রকৃতি ও সৃষ্টির বন্দনায় তার এ পরিবেশনায় ছিল আলাপ, তালাম ও জোর জালা। অষ্টকের নানা তফাৎ-এ রাগ পূর্ব কল্যাণীকে তিনি পরিবেশন করেন নানা আঙ্গিকে।

বিশ্বজুড়ে শাস্ত্রীয়সংগীতের নানা আসরে বাঁশি বাজিয়েছেন শশাঙ্ক। পারফর্ম করেছেন জন ম্যাকলিন, পাকো দ্য লুচ্যা, জাকির হোসেন, সুলতান খান, বিশ্বমোহন ভাট, অজয় চক্রবর্তীর মতো শিল্পীদের সঙ্গে।

শশাঙ্কের পর মঞ্চে আসেন ধ্রুপদী সংগীতের কিরানা ঘরানার অগ্রজ খেয়ালিয়া প্রভা আত্রে। ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’ খেতাবপ্রাপ্ত এই শিল্পী প্রথমে রাগ ‘শ্যাম কল্যাণে’ ও পরে ‘রাগ মধুরো কোষে’ খেয়াল পরিবেশনা করেন। এর মধ্যে ‘মধুরো কোষ’ তার নিজস্ব সৃষ্টি। এরপর ‘কানাড়া’ রাগে পরিবেশন করেন ‘দাদরা নায়কি’। আর সবশেষে ‘রাগ ভৈরবী’-তে ভজন গেয়ে শোনান।

ওস্তাদ আমির খান ও ওস্তাদ বড়ে গুলাম আলি খাঁর গান তাকে দারুণভাবে প্রভাবিত করলেও পরে তিনি নিজস্ব উদ্ভাবন ও সৃজনে গড়ে তুলেন এক স্বতন্ত্র্য গায়নশৈলী। খেয়ালের পাশাপাশি তিনি ঠুমরি, দাদরা ও গজল পরিবেশন করেন।

তার পরিবেশনার পর মঞ্চে আসেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় ও অনুব্রত চট্টোপাধ্যায়। প্রথম ভারতীয় শিল্পী হিসেবে যুক্তরাজ্যের হাউস অব কমনসে তবলা পরিবেশন করা অনিন্দ্য ফরুখাবাদ বাদন রীতির একজন অন্যতম ধারক ও বাহক।

এই দুই খ্যাতিমান তবলাবাদক  তিন তালে উঠান, পেশকার, কায়দা, গৎ ও চক্রাদার পরিবেশন করেন।

তবলার পর ধ্রুপদ নিয়ে মঞ্চে আসেন পণ্ডিত উদয় ভাওয়ালকার। প্রথমে তিনি আভোগী রাগে ধ্রুপদ পরিবেশন করেন। পরে দক্ষিণী রাগ বর্ধিনী পরিবেশন করেন। এ সময় পাখাওয়াজে তাকে সঙ্গত দেন প্রতাপ আওয়াদ। তানপুরায় ছিলেন অভিজিৎ কুণ্ডু ও টিংকু কুমার শীল।

পরে সেতারে রাগ ‘সাহানা কানাড়া’ বাজান পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তারপর পিলু জংলা পরিবেশন করে শেষ করেন তার পরিবেশনা।

তৃতীয় দিনের সর্বশেষ পরিবেশনা ছিল ওস্তাদ রাশিদ খানের। রামপুর-সহসওয়ান ঘরানার প্রতিষ্ঠাতা এনায়েত হোসেন খাঁর প্রপৌত্র ওস্তাদ রশিদ খান পেয়েছেন ‘প্দ্মশ্রী’ সম্মাননা। তার গায়নে বিশেষত্বের ছাপ রেখেছেন বিলম্বিত আলাপের আবেগময়তায়, বিস্তারের গভীরতায় ও তানকারীর ব্যতিক্রমী দক্ষতায় ব্যঞ্জনে।

তিনি শুরুতে ‘রাগ ললিত’ পরিবেশন করেন। বিখ্যাত ঠুমরী ‘ইয়াদ পিয়া কি আয়ি’ পরিবেশনের মাধ্যমে তিনি শেষ করেন পরিবেশনা। তার সঙ্গে তবলায় তাল দেন পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়।

তৃতীয় দিনের উৎসবে গান শুনতে এসেছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, চিত্রশিল্পী হাশেম খান, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, ‘আগা খান’ অ্যাওয়ার্ডজয়ী স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী।

বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের চর্চা ধীরে ধীরে ‘কমে যাচ্ছে’ বলে আক্ষেপ প্রকাশ করেন রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া।

বেঙ্গল উচ্চাঙ্গসংগীতের এই আসরের মত বিভাগীয় পর্যায়েও ‘ছোট পরিসরে’ উৎসবের আয়োজন করা ‘উচিত’ বলে মত দেন তিনি।

ফ্রিল্যান্স আলোকচিত্রী শাহরিয়ার বলেন, “এখনকার বাচ্চাদের পশ্চিমা বাদ্যযন্ত্রের দিকে আগ্রহ বেশি। এবারের উৎসবে আসা তরুণরা এবার ক্ল্যাসিকাল মিউজিকের প্রতি আগ্রহী হবে।”

চতুর্থ দিনের আসর শুরু হবে মুনমুন আহমেদ ও তার দল রেওয়াজের সম্মিলিত নৃত‌্য পরিবেশনায়। পারফর্ম করবেন খেয়ালিয়া জয়তীর্থ মেউণ্ডি। পণ্ডিত যোগেশ শামসি ও পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ‌্যায়ের যুগল তবলা পরিবেশনার পর কর্ণাটকি সংগীত শোনাবেন রঞ্জনী ও গায়ত্রী। তারপর থাকবে পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদারের সরোদ পরিবেশনা। ভোরে মঞ্চে ‍উঠবেন পণ্ডিত অজয় চক্রবর্তী।

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব শেষ হবে ২৮ নভেম্বর। ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের সংগীত বিভাগের দলীয় পরিবেশনায় শুরু হবে সাংস্কৃতিক পর্ব। তারপর থাকবে বেঙ্গল পরম্পরা সংগীত বিদ‌্যালয়ের সেতার পরিবেশনা।

সন্তরের কিংবদন্তি শিবকুমার শর্মার সঙ্গে তবলায় সঙ্গত করবেন পণ্ডিত যোগেশ শামসি। ধারাওয়াড় গায়নরীতির কুমার মাদুরের পরিবেশনাও থাকবে সে রাতে। পরিবেশনায় আসবেন সেতারবাদক ও ‍সুরবাহার শিল্পী কুশল দাস ও খেয়ালিয়া আরতী আঙ্কালিকা।

পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির ধুনে শেষ হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্কয়ার গ্রুপ। সহযোগিতায় রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।