২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ দিনে কত্থক, খেয়াল-কর্নাটকের মূর্ছনা

মৃদুমন্দ শীত আর কুয়াশামাখা রাতে কত্থক নৃত্য, খেয়াল, কর্ণাটকের সংগীত আর সরোদ-তবলার যুগলবন্দিতে মুগ্ধতার রেশ ছড়িয়ে শেষ হয়েছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের চতুর্থ দিন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 11:45 AM

Updated : 11 Oct 2022, 09:23 PM

রোববার রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে মুনমুন আহমেদ আর দলের নৃত্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন।

এরপর একে একে হাজারো দর্শক-শ্রোতাকে সুরের মূর্ছনায় মুগ্ধ করেন নীলেশ রণদেব, জয়তীর্থ মেউণ্ডি, পণ্ডিত যোগেশ শামসি ও পণ্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়, রঞ্জনী সুব্রামনিয়াম ও গায়ত্রী সুব্রামনিয়াম, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও পণ্ডিত অজয় চক্রবর্তী।

তিন অংশে ত্রিতালে কত্থক নৃত্যতে হাজির হন মুনমুন আহমেদ তার দল রেওয়াজ-নিয়ে। শুরু করেন ‘ভিন্ন ষড়জে’ গুরুবন্দনা দিয়ে। এরপর একে একে আরও পরিবেশনায় জমিয়ে রাখেন শুরুর সন্ধ্যা।

তাদের সঙ্গে কণ্ঠ দেন তানজিলা করিম স্বরলিপি; বাঁশিতে ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, সরোদে সুনন্দ মুখার্জী, এস্রাজে অসিত বিশ্বাস, তবলায় সুবীর ঠাকুর। আবৃত্তি করেন অপরাজিতা মুস্তফা ও অহিদুজ্জামান।

Image
নীলেশ রণদেব তবলায় তিনতাল বাজিয়ে মুগ্ধ করেন দর্শকদের। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

নীলেশ রণদেব তবলায় তিনতাল বাজিয়ে মুগ্ধ করেন দর্শকদের। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

Image
জয়তীর্থ মেউন্ডি রাগ শুদ্ধ কল্যাণ, আদানা ও নাট্যগীত-এ খেয়াল পরিবেশন করে শোনান।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

জয়তীর্থ মেউন্ডি রাগ শুদ্ধ কল্যাণ, আদানা ও নাট্যগীত-এ খেয়াল পরিবেশন করে শোনান।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

বেনারস ঘরানার কিংবদন্তি পণ্ডিত শান্তিলাল শাহের ছাত্র নীলেশ রণদেব আসেন এরপর। তবলায় তিনতাল বাজিয়ে মুগ্ধ করেন দর্শকদের, তাকে হারমোনিয়ামে সঙ্গত দেন মিলিন্দ কুলকার্নি।

এরপর মঞ্চে ওঠেন কিরানা ঘরানার শিল্পী জয়তীর্থ মেউণ্ডি; খেয়াল পরিবেশন করে শোনান রাগ শুদ্ধ কল্যাণ, আদানা ও নাট্যগীত। এ সময় তার সঙ্গে তবলায় ছিলেন আজিঙ্কা যোশি, হারমোনিয়ামে মিলিন্দ কুলকার্নি।

পণ্ডিত যোগেশ শামসি ও পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় নিয়ে আসেন তবলার যুগলবন্দি। তাদের তিনতালের সঙ্গে হারমোনিয়াম বাজান অজয় যোগলেকার।

এরপর আর্মি স্টেডিয়ামে নেমে আসে কর্ণাটকি কণ্ঠসংগীতের জাদু। দুই বোন রঞ্জনী সুব্রামনিয়াম ও গায়ত্রী সুব্রামনিয়াম একে একে গেয়ে শোনান ‘নাটাই-সরস্বতী’, ‘ত্যাগ রাজের’ কম্পোজিশনে রাগ ‘পন্তুবরালি’, তামিল কম্পোজিশনে ‘রাগ মুখারি’ এবং ‘রাগ খাম্বাজ’ (রাগাম তালাম পল্লবী) ও আদি ‘তালাম’।

তাদের সঙ্গে বেহালায় ছিলেন চারুমতি রঘুরমন, মৃদঙ্গমে কে সাই গিরিধর, ঘটম-এ ছিলেন চন্দ্রশেখর শর্মা। মন্ত্রমুগ্ধ এ মূর্ছনার শেষ হয় ‘বিটোভা চালা’ (রাগমালা) দিয়ে।

পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবারও হাজির ছিলেন ধ্রুপদ সরোদ নিয়ে। গত কয়েকবছর ধরে শাস্ত্রীয় সংগীতের এ আসরে নিয়মিত আসা তেজেন্দ্র এবার শুরু করেন ‘রাগ গুঞ্জি কানাড়া’ দিয়ে।

তারপর একে একে শোনান আলাপ জোড় ঝালা, বিলম্বিত তিনতালে ‘গৎ’। শেষে রাগ ‘যোগিয়া কালিংগ্রা’ বাজিয়ে শেষ করেন পরিবেশনা। এ সরোদগুরুর সঙ্গে তবলায় তাল দেন পণ্ডিত যোগেশ শামসি।

Image
যুগলবন্দি তবলায় দর্শকদের মাতান পণ্ডিত যোগেশ শামসি ও পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারা তিনতাল পরিবেশন করেন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

যুগলবন্দি তবলায় দর্শকদের মাতান পণ্ডিত যোগেশ শামসি ও পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারা তিনতাল পরিবেশন করেন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

Image
কর্ণাটকি ঘরানার কণ্ঠসংগীত পরিবেশন করেন দুই বোন রঞ্জনী সুব্রাহ্ম্যনিয়াম ও গায়ত্রী সুব্রাহ্ম্যনিয়াম।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

কর্ণাটকি ঘরানার কণ্ঠসংগীত পরিবেশন করেন দুই বোন রঞ্জনী সুব্রাহ্ম্যনিয়াম ও গায়ত্রী সুব্রাহ্ম্যনিয়াম।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

দিনের শেষ পরিবেশনা ছিল পণ্ডিত অজয় চক্রবর্তীর খেয়াল। ‘রাগ বিলাসখনি তরী’ ও ‘কুন্তল বাড়ালি’ পরিবেশনায় তাকে তবলায় সঙ্গত দেন সৌমেন সরকার, তানপুরায় অভিজিৎ কুণ্ডু, হারমোনিয়ামে অজয় যোগলেকার।

পাতিয়ালা-কসুর ঘরানার এ কিংবদন্তি শিল্পীর ‘রাগ ভৈরবী’ ভজন দিয়ে পর্দা নামে চতুর্থ দিনের।

প্রথম তিন দিনের মত এদিনও দর্শকশ্রোতায় ভরপুর ছিল আর্মি স্টেডিয়াম; নানান ঘরানার বাদন আর সুরের জাদুতে সংগীতের রঙ-রূপ আর স্বাদ নিয়ে যখন তারা ফিরছিলেন ঘরে, পূবের আকাশে তখন পরের দিনের সূর্য।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রমা, ডাক্তার মালিহা আফরোজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বাপ্পী জানান, দেশি-বিদেশি সংগীতগুরুদের এমন পরিবেশনায় তারা মুগ্ধ।

“বিশেষ করে মুনমুন আহমেদ আর রেওয়াজের পারফরম্যান্স দেখতে একটু আগেভাগে চলে এসেছি। এত বড় প্লাটফর্মে নিজের দেশের নৃত্যশিল্পীকে দেখার আনন্দই অন্যরকম”, বলেন মালিহা।

এদিনের আসরে সামনের সারিতে বসে গান শুনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত তারিক এ করিম।

Image
পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার পরিবেশন করেন ‘রাগ গুঞ্জি কানাড়া’, আলাপ জোড় ঝালা ও বিলম্বিত তিনতালে ‘গৎ’।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার পরিবেশন করেন ‘রাগ গুঞ্জি কানাড়া’, আলাপ জোড় ঝালা ও বিলম্বিত তিনতালে ‘গৎ’।ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

Image
পণ্ডিত অজয় চক্রবর্তীর খেয়াল পরিবেশনায় ছিল ‘রাগ বিলাসখনি তরী’ ও ‘কুন্তল বাড়ালি’ ও ‘রাগ ভৈরবী’র ভজন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

পণ্ডিত অজয় চক্রবর্তীর খেয়াল পরিবেশনায় ছিল ‘রাগ বিলাসখনি তরী’ ও ‘কুন্তল বাড়ালি’ ও ‘রাগ ভৈরবী’র ভজন। ছবি-বেঙ্গল ফাউন্ডেশনের সৌজন্যে

উৎসবের পঞ্চম ও শেষ দিনের আয়োজন শুরু হবে সোমবার সন্ধ্যা ৭টায়। এবারের সমাপনী অধিবেশনের প্রধান অতিথি ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। থাকবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের  মেয়র আনিসুল হক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ‌্যাপক ড. আনিসুজ্জামান এ অধিবেশনে সভাপতিত্ব করবেন।

এদিনের আয়োজনে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ ও বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের দলীয় সেতার। সন্তুর বাজাবেন পণ্ডিত শিবকুমার শর্মা, খেয়াল শোনাবেন পণ্ডিত কুমার মারদুর ও আরতী আঙ্কালিকর; সেতার পরিবেশন করবেন পণ্ডিত কুশল দাস।

কিংবদন্তী বংশীবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়ার ধুনে পর্দা নামবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের (১৯৩৫-২০১৬) স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা এবারের উৎসবের।