এবার উড়বে 'উড়তা পাঞ্জাব'
'উড়তা পাঞ্জাব'এর সেন্সর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে নির্মাতাদের করা মামলার পূর্ণাঙ্গ রায় দিয়েছে মুম্বাই হাইকোর্ট। ১৩ জুন প্রকাশ করা এই রায়ে সেন্সরবোর্ডের দেয়া ১৩ টি 'কাট' নয়, বরং একটি মাত্র কাট দিয়েই সিনেমাটিকে ছাড়পত্র দিয়েছে আদালত।
১৩ টি 'কাট'-এর মধ্যে অন্যতম নির্দেশ ছিল 'পাঞ্জাব' শব্দটি নিষিদ্ধ করার, যা সিনেমাতে এসেছে ৯৪ বার। এছাড়া আরও বেশ কয়েকটি দৃশ্য পরিবর্তন করতে বলা হয় নির্মাতাদের, যা পাঞ্জাবের বাস্তব সমস্যাকে পুরোপুরি অগ্রাহ্য করে।
সেন্সরবোর্ডের এই সিদ্ধান্তে ফুঁসে উঠে গোটা বলিউড, এরপর উচ্চ আদালতের শরণাপন্ন হয় 'উড়তা পাঞ্জাব'-এর নির্মাতারা।
ভারতের শিল্পী সমাজের পাশাপাশি সেন্সরবোর্ডের প্রধান পেহলাজ নিহালানির কড়া সমালোচনা করেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান আরভিন্দ কেজরিওয়াল। নিহালানির এই সিদ্ধান্তকে 'মোদি সরকারের মদদ পুষ্ট' বলে অভিহিত করেন তিনি।
বৃহস্পতিবার ৯ জুন হাইকোর্ট সেন্সরবোর্ডের কাছে প্রশ্ন রাখে, যদি এই সিনেমাতে মাদকের ব্যবহার থাকে, তাহলে তার উপর কাঁচি না চালিয়ে বরং সিনেমাটি নিষিদ্ধ কেন করা হল না?
অতঃপর ১৩ জুন 'উড়তা পাঞ্জাব'-এর পক্ষে রায় দিয়েছে আদালত। হাইকোর্টের রায় অনুযায়ী, শুধুমাত্র একটি দৃশ্য পরিবর্তন করতে হবে 'উড়তা পাঞ্জাব'এর নির্মাতাদের। নিষিদ্ধ হওয়া দৃশ্যটি হল সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা শাহিদ কাপুরের রাস্তায় দাঁড়িয়ে প্রস্রাব করার দৃশ্য।
আদালতের নির্দেশনা অনুযায়ী তিনটি সতর্কতামূলক ঘোষণাও প্রচার করতে হবে সিনেমা শুরুর আগে। এছাড়া গালি, মাদক এবং পাকিস্তানের বিরুদ্ধে বলা কিছু শব্দ নিয়ে সতর্কতা ঘোষণা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
উচ্চ আদালতের রায় শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন সিনেমাটির নির্মাতা এবং কলাকুশলীরা। সিনেমাটির প্রযোজক আনুরাগ কাশ্যাপ আদালতকে ধন্যবাদ জানিয়ে টুইট করেন, “সম্মানিত বিচারককে জানাই ধন্যবাদ, আমাদের প্রতি বিশ্বাস এবং ভরসা রাখার জন্য সবাইকে ধন্যবাদ। এবার কাজে ফিরতে হবে।”
'উড়তা পাঞ্জাব'-এর অন্যতম অভিনেতা শাহিদ কাপুর টুইট করেন, “একটি দৃষ্টান্তমূলক রায় হয়েছে। 'উড়তা পাঞ্জাব' এবার উড়বে, স্বাধীনতা এবং মত প্রকাশের কথা বলবে। আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ। এই বিজয় আপনাদের।”
সিনেমাটির আরেক অভিনেত্রী আলিয়া ভাট টুইটারে লেখেন, “‘উড়তা পাঞ্জাবে’র বিজয় গণতন্ত্রের বিজয়। এই বিজয় সেই চেতনার, যা কখনো হার মানতে জানে না।”
হাইকোর্টের এই রায়কে মোদি সরকারের আমলে সংঘটিত সব ধরণের সহিংসতার মুখে 'চড়' মারার মত ঘটনা হিসেবে দেখছেন কেজরিওয়াল।
''উড়তা পাঞ্জাব'এর রায় মোদি সরকারের সহিংসতার মুখে কষে চড় মেরেছে।' টুইট করেন কেজরিওয়াল।
থ্রিলার ধাচের এই সিনেমাটি মুক্তি পাবে ১৭ জুন। আভিশেক চৌবে পরিচালিত 'উড়তা পাঞ্জাব'-এর মূল চরিত্রগুলোতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ এবং কারিনা কাপুর খান।
