‘উড়তা পাঞ্জাব’: সেন্সরবোর্ডের সঙ্গে নির্মাতাদের যুদ্ধ
সেন্সরের কাঁচি চালানোর প্রতিবাদ করতে এবার উচ্চ আদালতের শরণাপন্ন হলেন ‘উড়তা পাঞ্জাব’এর নির্মাতারা। মাদকপাচারের মতো বিষয়কে কেন্দ্র করে নির্মীত এই হিন্দি সিনেমার উপর সেন্সর বোর্ডের কড়াকড়ি আরোপের নির্দেশনাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান ফ্যান্টম ফিল্মস।
‘উড়তা পাঞ্জাব’এ মোট ১৩ ধরণের পরিবর্তন আনার আদেশ দিয়েছে ভারতের সেণ্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, যার মাধ্যমে বাদ পড়তে পারে প্রায় ৯৪ টি দৃশ্য। এমনকি সিনেমাটিকে দেয়া হয়েছে ‘এ’ গ্রেডের ছাড়পত্র, অর্থাৎ শুধু প্রাপ্তবয়স্ক দর্শকই দেখতে পারবেন ‘উড়তা পাঞ্জাব’।
গত দুই বছর ধরে ভারতের সেন্সর বোর্ডের কড়াকড়ি নিয়ে প্রশ্ন উঠেছে আরও অনেকবার। ‘উড়তা পাঞ্জাব’এর মাধ্যমে এই বিতর্ক ফুঁসে উঠেছে বহুগুণ। ১৭ জুন মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির নির্মাতারা এখন উচ্চ আদালতের কাছে সেন্সরবোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে আদালত রায় দেবে বৃহস্পতিবার।
ভারতের অবৈধ মাদক বাজারের একটি বড় ঘাঁটি হিসেবে ধরা হয় পাঞ্জাব রাজ্যকে, ‘উড়তা পাঞ্জাব’এর গল্পও গড়ে উঠেছে এই বিষয়কে কেন্দ্র করেই। এদিকে পাঞ্জাবের আসন্ন নির্বাচনের সময়ে সিনেমাটিকে নিয়ে বিতর্কের জল গড়িয়ে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে।
এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে সবকিছু।
অভিষেক চৌবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’এ অভিনয় করেছেন শাহিদ কাপুর, আলিয়া ভাট এবং কারিনা কাপুর খান।
