২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিতির জনপ্রিয় পাঁচ গান

সমকালীন নায়কদের মধ্যে আফজাল হোসেন, ইলিয়াস কাঞ্চনদের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি জনপ্রিয় গানের দৃশ্যে পারভিন সুলতানা দিতির উপস্থিতি স্মৃতিতে আজও অনুরণন জাগায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2016, 06:01 PM

Updated : 11 Oct 2022, 07:58 PM

পুরনো খবর:

'এখন আর মায়ের কোনো কষ্ট নেই'
দিতিকে শেষ দেখা
মারা গেলেন দিতি
অদ্বিতীয়া দিতির অকাল প্রয়াণ
'এভাবে চলে যাবেন ভাবিনি'
দিতির ক্যান্সার ডায়েরি

ক্যারিয়ার শুরু করেছিলেন আশির দশকে। এরপর থেকে অভিনয় করেছেন প্রায় দুশ সিনেমায়। তার অভিনয়ে জনপ্রিয় হয়েছে বহু গান। এর মধ্যে বাছাই করা পাঁচটি তুলে ধরা হলো গ্লিটজের পাঠকের জন্য।

‘চিঠি কেন আসে না’

দিতি এবং প্রসেনজিৎ দুজনেই তখন দুদেশেই জনপ্রিয়তার মধ্য গগনে। দু দেশের দুই তারকা অভিনয় করলেন রায়হান মুজিব পরিচালিত ‘প্রিয় শত্রু’ সিনেমায়। রুনা লায়লা দিতির জন্য গাইলেন ‘চিঠি কেন আসে না’।

 

‘তুমি আজ কথা দিয়েছো’

আফজাল হোসেনের সঙ্গেই ঢাকাই সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন দিতি। তবে ‘ডাক দিয়ে যায়’ নামের সেই সিনেমাটি মুক্তি পায়নি। অবশ্য এই ক্ষতি পুষিয়ে দেন আবদুল্লাহ আল মামুন। দুজনের সঙ্গে কবরী সারোয়ার ও বুলবুল আহমেদকে নিয়ে তিনি মুক্তি দেন ‘দুই জীবন’। যেমন জনপ্রিয় সিনেমা, তেমনই ছিল এর গানগুলো। ‘তুমি আজ কথা দিয়েছো’ এর মধ্যে অন্যতম। রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গানটি লেখেন মনিরুজ্জামান মনির, সুর ও সংগীত পরিচালনা আলম খানের।

‘কতো যে তোমাকে বেসেছি ভালো’

দিতির ক্যারিয়ারের আরো একটি উল্লেখ্যযোগ্য সিনেমা ‘উসিলা’, পরিচালক মমতাজ আলী। দিতির সহশিল্পী ছিলেন জাফর ইকবাল, উজ্জল, শাবানা। সুবীর নন্দীর ক্যারিয়ারের একটি মাইল ফলক গান এটি। গানটির সুর ও সঙ্গীত পরিচালক আলী হোসেন।

‘আমার মনের আকাশে আজ’

১৯৯২ সালের সিনেমা ‘প্রেমের প্রতিদান’, পরিচালক ফজলে আহমেদ বেনজির। কুমার শানু সিনেমাটির জন্য গাইলেন ‘আমার মনের আকাশে আজ জ্বলে শুকতারা’। গানটি লেখেন নজরুল ইসলাম বাবু, সুর ও সংগীত শেখ সাদি খানের। ইলিয়াস কাঞ্চনের কল্পনায় দিতি হাসছেন, নাচছেন। এই দিতির ছবি আঁকতে আঁকতে শুরু হয় ইলিয়াস কাঞ্চনের গান গাওয়া।

‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’

নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়টা দিতির জন্য চরম প্রতিযোগিতার। ১৯৯৫ সালে জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন ও দিতিকে নিয়ে মুক্তি দিলেন ‘চরম আঘাত’। সিনেমায় প্লেব্যাক করলেন কুমার শানু ও মিতালী মুখোপাধ্যায়। ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’ - গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সঙ্গীত পরিচালনা করেন আলাউদ্দিন আলী। এখনো মানুষের মনে বেজে ওঠে।