দিতিকে শেষ দেখা
রবিবার বিকেলে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনয়শিল্পী পারভিন সুলতানা দিতি। তার মৃত্যুর খবর পেয়েই তাকে শেষবার দেখার জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলেন তার দীর্ঘদিনের দিনের সহকর্মীরা।
চিত্রনায়িকা ববিতা আসেন সবার আগে। অশ্রুভেজা কন্ঠে গ্লিটজকে তিনি বললেন,“ দিতি অনেক লক্ষ্মী একটা মেয়ে ছিল। যেমনি ভালো অভিনয় করতো তেমনি ভালো গান গাইতো। সবাইকেই দিতি খুব হাসিখুশি রাখতে পারতো। সবার সাথে ভালো ব্যবহার করতো। এত লক্ষ্মী একটা মেয়ে, আমি ওকে ভুলতে পারবো না। আমি লাস্ট যেদিন এসেছি আমাকে সারা মুখে চুমু খেয়ে কতো আদর করছিলো। আমি তা ভুলতে পারবো না।”
এসেছিলেন খলনায়ক মিশা সওদাগরও। বললেন,“ দিতি আপার সাথে কত দিন কাজ করেছি। পৃথিবী একটা ভালো মানুষকে হারালো। দেশ একটা শিল্পী হারালো। আর আমরা একজন সহকর্মী হারালাম। কারণ তিনি একাধারে ছিলেন ধার্মিক, আধুনিক এবং সামাজিক। এই তিনটির সম্বনয় শিল্পীরা করতে পারে না কিন্তু দিতি আপা এটা করতে পেরেছেন। আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন।”
দিতির সম্পর্কে বলতে গিয়ে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা তারিক আনাম খান বললেন,“ দিতির সাথে আমি অনেকগুলো কাজ করেছি। তার সাথে আমার কাজের খুব ভালো একটা রসায়ন ছিলো। দিতি অত্যন্ত গুনী একজন শিল্পী। দিতির চলে যাওয়া আমাদের সিনেমাশিল্প ইনফ্যাক্ট পুরো মিডিয়ার জন্য অপূরনীয় ক্ষতি। দিতি এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে, এটা আসলেই মেনে নেয়া খুবই কঠিন।”
