২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ২০১৫: টিভির আলোচিত ঘটনা

দিন দিন টিভি অনুষ্ঠানে মান কমছে, তবু পছন্দের তারকাদের নিয়ে মাতামাতির শেষ নেই। এর বাইরেও ভিন্ন ধরনের অভিজ্ঞতাও হয়েছে টিভি তারকাদের। আবার সমালোচনার মুখে পড়ে কেউ কেউ হয়েছেন বিতর্কিত।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2015, 04:14 PM

Updated : 12 Oct 2022, 04:45 PM

অভিনেতা ইনামুল হকের গাড়ি ভাংচুর

বছর শুরুতে ফুয়াদ আল মুক্তাদিরের মতোই বর্ষীয়ান অভিনেতা ইনামুল হকও রাজনৈতিক দুর্বৃত্তায়নের কবলে পড়েন। এতে ক্ষতিগ্রস্থ হয় তার গাড়ি। গাজীপুর নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে ঘটে এ ঘটনা।

আঁকাআঁকিতেই ব্যস্ত বিপাশা

অভিনয়ের জন্য এক সময় তুমুল ব্যস্ত থাকতেন বিপাশা হায়াত| চিত্রকলায় স্নাতক অভিনেত্রী জানান, এখন তার সব ব্যস্ততা আঁকিবুঁকি এবং প্রদর্শনীতে। বছর শুরু করেছেন দলীয় প্রদর্শনীর মাধ্যমে, দল বেঁধে আরো কয়েকটি দেশে যাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপনে রুবেল

নবীন অভিনেত্রী হ্যাপি আক্তারের সঙ্গে সম্পর্কের জেরে তুমুল আলোচনায় আসা জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনকে প্রথমবারের মতো বিজ্ঞাপনে দেখা যায়। একই সঙ্গে দেখা যায় বিজ্ঞাপনদাতা মোবাইল অপারেটরের বিশেষ দূতও হয়েছেন তিনি। এর আগে তিনি দলের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটে ২০১৫ টুর্নামেন্টে অংশ নেন। তার পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক।

ভূমিকম্পবিধ্বস্ত নেপালে আটকা বাংলাদেশি শিল্পীরা

লাখ লাখ মানুষের মৃত্যু ডেকে আনা নেপালের ভয়াবহ ভূমিকম্প যখন ঘটছিল তখনই নাগরকোটের পাহাড়ি এলাকায় শুটিং করছিলেন বাংলাদেশের একদল টিভি নাটকের কলাকুশলী। দলটিতে ছিলেন অভিনয়শিল্পী রুনা খান, কল্যাণ কোরাইয়া, শাহরিয়ার নাজিম জয়, শাহাদাৎ হোসেন, নোমিরা আহমেদ, পরিচালক যুবরাজ খান। সেই সময়ের অভিজ্ঞতার কথা তারা জানান এক টিভি অনুষ্ঠানে।

‘ডলস হাউজ-টু’: নারী বন্ধুত্বের আখ্যান

নারীর যাপিত জীবনের ‍ওপর ভিত্তি করে নির্মিত নাটক ‘ডলস হাউস-টু: সাতটি তারার তিমির’ শততম পর্ব প্রচার হয়েছে। নাটকের কেন্দ্রে রয়েছেন সাত তরুণী, তাদের “বন্ধুত্বের প্ল্যাটফর্মে তৈরি এই গল্পের ব্যাপ্তি বন্ধুত্বের টানাপড়েনকে ছাপিয়েও এগিয়ে চলেছে নানামুখী আনন্দ-বেদনা ও বন্ধুতার উপসর্গকে ঘিরে।” নাটকটি পরিচালনা করছেন আফসানা মিমি । অভিনয় করছেন মৌটুসী বিশ্বাস, সানজিদা প্রীতি, মৌসুমী হামিদ, মুমতাহিনা টয়া, স্বর্ণা, শর্মিমালা ও জয়িতা মহলানবীশ।

ডেইলি সোপ হিসেবে প্রচারিত নাটকটি বছর শেষের আগেই পার করেছে ১৫০তম পর্ব।

মুখোমুখি সাবিনা-কবরী

রূপালী ফিতায় শুরুতে নায়ক-নায়িকারা নিজেরাই গান গাইতেন। ফলে যখন প্লেব্যাক শরু হলো, আরেকজনের কণ্ঠ সৌন্দর্যয় ধারণ শুরু হলো, সেকথা বিশ্বাস করতে পারেননি অনেকে। সেই দিন অতীত হয়েছে অনেক আগে, তবে নায়িকা-গায়িকাদের মুখোমুখি করা গেছে কমই। এই বছর তেমনই এক দূলর্ভ সুযোগ তৈরি হয়, ঈদ উপলক্ষে টিভি চ্যানেলের আয়োজনে। সেখানে মুখোমুখি

হন ‘রংবাজ’-এর দুই শিল্পী বর্ষীয়ান সাবিনা ইয়াসমীন ও কবরী সারোয়ার।

আবুল হায়াতের নাটক ছাড়ার ঘোষণা!

বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত টিভি নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত জানান গ্লিটজকে। অথচ এর  কয়েক মাস আগেই তিনি আশাপ্রদ মন্তব্য করেছিলেন। এবার তিনি অভিযোগ করেন, “দিন-দিন টিভি চ্যানেলের সংখ্যা বাড়লেও কমছে টিভি নাটকের বাজেট।” আর তাই বাজেট না বাড়ালে সিদ্ধান্তে অটল থাকবেন। তবে শেষ পর্যন্ত কি হয়, তা দর্শকই জানেন!

‘সংশপ্তক’-এর দিলু হাসপাতালে

‘সংশপ্তক’ খ্যাত নাট্যাভিনেতা মজিবুর রহমান দিলুকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বছর শেষে দিকে। ষাটোধ্বর্ এই অভিনেতা ডায়াবেটিস আক্রান্ত এবং উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ও রক্তে সংক্রমণ রয়েছে। ২০০৫ সালে গু৯ মাস কোমায় ছিলেন তিনি। এখন তিনি বারডেমে চিকিৎসাধীন।

স্পর্শিয়ার খোলা পিঠ

হঠাৎ করেই মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার ফটোশুটের ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ায় বেশ বেকায়দায় পড়েন এই অভিনেত্রী। বছরের মাঝামাঝি সময় একেবারেই নগ্ন পিঠের ছবিটি তোলা হয় একটি অলঙ্কার বিক্রেতা প্রতিষ্ঠানের জন্য।