২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’

চার বছর ধরে সিনেমাটি নির্মাণের পিছনেও বড় ঘটনা রয়েছে।

দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’
‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’ সিনেমার পোস্টার

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2024, 10:42 PM

Updated : 10 Sep 2026, 12:09 PM

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে হলিউডের আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজি সিনেমা ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’।

মাইকেল সারনোস্কি পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে আগামী শুক্রবার (২৮ জুন)।

একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি মুক্তি পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে দেশের বৃহৎ এ মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। 

বিজ্ঞান কল্পকাহিনী ভিত্তিক হরর ফ্র্যাঞ্চাইজি ‘এ কোয়াইট প্লেস’। ২০১৮ সালে মুক্তি পায় এর প্রথম সিনেমা। পরবর্তী সিক্যুয়েল ‘এ কোয়াইট প্লেস পার্ট টু’ মুক্তি পায় ২০২০ সালে। দুটি ছবিই পরিচালনা করেন জন ক্রাসিনস্কি।

এবার চার বছর পর এবার মুক্তি পেতে যাচ্ছে স্পিন-অফ প্রিক্যুয়েল ‘এ কোয়াইট প্লেস: ডে ওয়ান’। যেটির ঘোষণা এসেছিল ২০২০ সালের নভেম্বরে।

এতদিন ধরে সিনেমাটি নির্মাণের পিছনেও বড় ঘটনা রয়েছে। জন ক্রাসিনস্কির গল্পের উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণের কথা ছিল জেফ নিকোলসের। ২০২১ সালের মে মাসে নিকোলাস সিনেমার গল্প ও স্ক্রিপ্ট জমা দেন। একই বছরের অক্টোবরে সিনেমাটি থেকে সরে দাড়ান এই পরিচালক। 

পরের বছর জানুয়ারিতে এ সিনেমার হাল ধরেন মাইকেল সারনোস্কি। ২০২৩-এর জানুয়ারিতে লন্ডনে সিনেমাটির শুটিং শুরু হয়।

হরর সাসপেন্সকে পুঁজি করে পুরো সিনেমাটি বানানোর চ্যালেঞ্জ নিয়েছেন নির্মাতা জন ক্রাসিনস্কি। তার হাত ধরেই শুরু হয় ‘এ কোয়াইট প্লেস’ সিরিজ। চ্যালেঞ্জটা ভালোভাবেই উৎরে গেছেন এই নির্মাতা। পরপর দু’টি সিনেমাই দর্শকদের আকৃষ্ট করেছে। 

প্রচলিত হরর ঘরানার বাইরে একটু ভিন্ন পথে যাওয়া কাহিনীনির্ভর এবং চিন্তার খোরাক জোগানো সিনেমাগুলোর তালিকায় নতুন সংযোজন ‘এ কোয়াইট প্লেস’।

ম্যান ভার্সেস নেচার ঘরানার অন্য সিনেমাগুলো যেখানে অ্যাকশনকে প্রাধান্য দেয়া হয়, সেখানে ‘এ কোয়াইট প্লেস’ সিনেমায় তুলে ধরা হয়েছে কোনো সংলাপ না রেখেও কীভাবে ক্ষোভ, অনুশোচনা, ভালোবাসা, উল্লাসে ফেটে পড়া কিংবা কান্নায় ভেঙে পড়ার মতো দৃশ্যগুলোও কেবল মুখের অভিব্যক্তি দিয়েই প্রকাশ করা যায়।

তাছাড়া ডায়লগের স্বল্পতার কারণে দর্শকের একাগ্র মনোযোগ ধরে রাখার মত নজরকাড়া ভিজ্যুয়াল সিরিজের প্রথম দু’টি ছবি বক্স অফিসেও সাফল্য পেয়েছে। এবারের ছবিটিও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলে ধারণা করা হচ্ছে।

এবারের সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন জন ক্রাসিনস্কি ও মাইকেল সারনোস্কি। 

এতে অভিনয় করেছেন জোসেফ কুইন, অ্যালেক্স উলফ, জিমন হোনস, ইলিয়াজ উংভেরি, কেইন এইডেন, আলেকজান্ডার জন।