২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সৃজিতের নতুন সিনেমায় ১২ জন, লুক প্রকাশ অর্ধেকের

১২ জনের মধ্যে ৬ পাত্রপাত্রীর লুকও প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2024, 11:06 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তীসহ ১২ অভিনয়শিল্পীকে নিয়ে সৃজিত মুখার্জি যে সিনেমা নির্মাণে হাত দিয়েছেন, তার শুটিং শেষ হয়েছে।

আনন্দবাজার লিখেছে, কেবল শুটিংই শেষ নয়, ওই ১২ জনের মধ্যে ৬ পাত্রপাত্রীর লুকও প্রকাশ হয়েছে সোশাল মিডিয়ায়। 

এই সিনেমায় অভিনয় করছেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী, অনন্যা চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অর্জুন চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাহুল বন্দ্যোপাধ্যায় ও সুহোত্র মুখোপাধ্যায়। 

সৃজিত বলেন, “শুটিং শেষ। এ রকম অভিনেতাদের সঙ্গে কাজ করতে গিয়ে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। বিশেষ করে অনন্যা ও সৌরসেনীর সঙ্গে আমার প্রথম কাজ। পরমব্রতের সঙ্গেও অনেক দিন পর আবার কাজ করলাম।’’

বাসু চট্টোপাধ্যায় পরিচালিত ১৯৮৬ সালের ‘এক রুকা হুয়া ফয়সলা’ সিনেমাটি থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছেন সৃজিত।

শুটিং করার সময় শোনা গিয়েছিল, সিনেমার নাম ‘সত্যি বলে সত্যি কিছু নেই’।  সৃজিত তার ‘বাইশে শ্রাবণ’ সিনেমায় রূপম ইসলামের গাওয়া গানের একটি কলি থেকে সিনেমার নামকরণ করেছিলেন বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন:

এক নির্মাতার সিনেমায় অভিনয়ে আরেক পরিচালক, সঙ্গে তারকা বাহিনী

তবে প্রযোজনা সংস্থা বলছে, সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি। খুব শিগগিরই এসভিএফ প্রযোজিত এই সিনেমার নাম ও মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসবে।

কিছুদিন আগে মুক্তি পেয়েছে সৃজিতের ‘অতি উত্তম’। সেই সিনেমায় উত্তমের চরিত্রে অন্য কেউ নয়, মহানায়ক নিজেই অভিনয় করেছেন। অর্থাৎ, উত্তমের চরিত্রটি, উত্তম অভিনীত নানা চরিত্রের ভিডিও দিয়ে নির্মাণ করা হয়েছে।

কিছুদিন পর মুক্তি পাবে প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনের জীবন, কর্ম ও সময়ের গল্প নিয়ে তৈরি সৃজিতের ‘পদাতিক’। সেখানে মৃণাল হয়েছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। ‘পদাতিক’ এর টিজারও মুক্তি পেয়েছে।

এছাড়া সাহেব-বিবি-গোলামদের নিয়েও সৃজিত মেতে উঠেছেন। তার ‘টেক্কা’ নামের সিনেমায় কাজ করছেন কলকাতার নায়ক দীপক অধিকারী দেব, টোটা রায় চৌধুরী এবং বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দোপাধ্যায়।

এ সিনেমায় দেবের নায়িকা হয়েছেন রুক্মিণী মৈত্র, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা মুখার্জি।