১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অপু বিশ্বাসের জামিননামা দাখিল, শিগগিরই ‘আত্মসমর্পণ’

এ মামলায় ২০ মে গ্রেপ্তার করা হয়েছিল আরেক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে।

অপু বিশ্বাসের জামিননামা দাখিল, শিগগিরই ‘আত্মসমর্পণ’
অপু বিশ্বাস। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

জুলাই আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি হওয়া চিত্রনায়িকা অপু বিশ্বাস বিচারিক আদালতে জামিননামা দাখিল করেছেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে জামিননামাটি দাখিল করা হয়েছে।

আদালতের পেশকার ওমর ফারুক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হাই কোর্টের আদেশে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেছেন। 

অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ২ জুন হাই কোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছে তিনি। জামিনের মেয়াদ শেষের দিকে। 

“উচ্চ আদালতের নির্দেশে অপু বিশ্বাস সিএমএম কোর্টে সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করেছেন। খুব শিগগিরই আমরা আত্মসমর্পণ করে জামিন চাইবো।”

এনামুল হক নামের এক ব্যক্তি জুলাই আন্দোলেনের সময় হত্যাচেষ্টার অভিযোগে চলতি বছরের মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ২৮৩ জনকে আসামি করে মামলার আবেদন করেন। 

আদালতের নির্দেশে ভাটারা থানা ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া শুরু করার কথা বলেন পরিদর্শক (তদন্ত) সুজন হক।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।

এরপর ১৮ মে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ২০ মে জামিন পান নুসরাত ফারিয়া। 

মামলায় বলা হয়েছে, আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের ওপর গুলি চালানো হয়। এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। 

মামলায় এসব অভিনেতা-অভিনেত্রীদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের ‘অর্থের জোগানদাতা’ বলা হয়েছে।

পুরনো খবর:

'হত্যাচেষ্টা' মামলায় গ্রেপ্তার নায়িকা নুসরাত ফারিয়া

এবার নুসরাত-অপু-ভাবনা-জায়েদ খানের নামে হত্যাচেষ্টার মামলা