২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগের পরিষদ বাতিল: শিল্পকলা পরিষদ পুনর্গঠন

এবার সদস্য হয়েছেন– নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, সাংবাদিক এহসান মাহমুদ, নৃত্য ব্যক্তিত্ব তামান্না রহমান এবং নাট্যব্যক্তিত্ব কামাল বায়েজীদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 09:37 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

এক বছরের মাথায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করেছে সরকার। 

পুনর্গঠিত পরিষদে এবার সদস্য হয়েছেন– নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা, সাংবাদিক এহসান মাহমুদ, নৃত্য ব্যক্তিত্ব তামান্না রহমান এবং নাট্যব্যক্তিত্ব কামাল বায়েজীদ।

এছাড়া ঢাকা বিভাগ থেকে আলোকচিত্রী নাসির আলী মামুন, চট্টগ্রাম বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (উপস্থাপক) তাজনুভা জাবীন, খুলনা বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (শিল্প সমালোচক) ড. আবু হেনা আবিদ জাফর, বরিশার বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (চলচ্চিত্র নির্মাতা) ওয়াহিদ আনাম, রাজশাহী বিভাগ থেকে  সাংস্কৃতিক ব্যক্তিত্ব (চলচ্চিত্র নির্মাতা) মোহাম্মদ তাওকীর ইসলাম, সিলেট বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (বাউল সংগীত শিল্পী) শাহ নূর জালাল এবং রংপুর বিভাগ থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব (নাট্যশিল্পী ও সংগঠক) হায়দার আলী সরকারকে পরিষদের সদস্য মনোনীত করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় রোববার এক আদেশে বলেছে, ২০২৪ সালের ১৭ অক্টোবর গঠিত পরিষদের প্রজ্ঞাপন ‘বাতিল করে’ বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(১) উপধারা অনুসারে সরকার শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করেছে।

প্রজ্ঞাপনে আগের পরিষদকে ‘বাতিল’ বলা হলেও গত ১ অক্টোবর ওই পরিষদের চারজন সদস্য পদত্যাগপত্র জমা দেন। এর আগে জুলাই মাসে একজন সদস্য পদত্যাগ করেছিলেন।

২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে শিল্পকলায় মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। পরে ৯ সেপ্টেম্বর মহাপরিচালক পদে নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদকে দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।

ওই বছরের ১৭ অক্টোবর শিল্পকলা একাডেমি আইন ১৯৮৯ এর ৫(১) উপধারা অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদ পুনর্গঠন করা হয়।

পরিষদে সদস্য করা হয় ছায়ানটের সংগীত শিক্ষক লায়েকা বশীর, নৃত্যশিল্পী র‌্যাচেল অ্যাগনেস প্যারিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, লেখক-গবেষক আলতাফ পারভেজকে।

এছাড়া ঢাকা বিভাগ থেকে মনোনীত হন আজাদ আবুল কালাম, চট্টগ্রাম বিভাগ থেকে জয়দেব রোয়াজা, রাজশাহী বিভাগ থেকে আসাদুজ্জামান দুলাল, খুলনা বিভাগ থেকে শিপন, বরিশাল বিভাগ থেকে দেবাশীস চক্রবর্তী, সিলেট বিভাগ থেকে শামসুল বাসিত শেরো, রংপুর বিভাগ থেকে ইফতেখারুল আলম রাজ। ময়মনসিংহ বিভাগ থেকে কমল কান্তিকে সদস্য মনোনীত করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে হঠাৎ নিজের পদত্যাগের ঘোষণা দেন সৈয়দ জামিল আহমেদ। পরে পদত্যাগের কারণ তুলে ধরে সংবাদমাধ্যমে লিখিত বক্তব্যও দেন।

গত জুলাই মাসের প্রথম সপ্তাহে শিল্পকলার চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান পদত্যাগ করেন, আর জুলাইয়ের শেষ সপ্তাহে শিল্পকলার পরিষদ থেকে পদত্যাগ করেন লেখক-গবেষক আলতাফ পারভেজ।

গত ১ অক্টোবর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেন আরো চারজন সদস্য। তারা হলেন– আজাদ আবুল কালাম, সামিনা লুৎফা নিত্রা, লায়েকা বশীর এবং র‌্যাচেল প্যারিস।

আজাদ আবুল কালাম পদত্যাগপত্রে লেখেন, “পরিষদকে সম্পূর্ণ অকার্যকর রেখে ব্যক্তির স্বেচ্ছাচারিতা চব্বিশের গণ-অভ্যুত্থানের শহীদের রক্তের প্রতি সবচেয়ে বড় অবিচার হিসেবে দেখছি। বেআইনিভাবে শিল্পকলা যতদিন চলেছে, ততদিনের কোনো কর্মকাণ্ডের দায়ভার আমি নেব না, কারণ পরিষদকে ইচ্ছাকৃতভাবে পাশ কাটানো ও অকার্যকর রাখা হয়েছে।”

চার সদস্যের একযোগে পদত্যাগের এক মাসের মাথায় পরিষদ পুনর্গঠন করা হল। পরিষদে পদাধিকার অনুযায়ী সভাপতি থাকবেন সংস্কৃতি উপদেষ্টা। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব সহ-সভাপতি এবং শিল্পকলার মহাপরিচালক সদস্য-সচিবের দায়িত্বে থাকবেন।

এছাড়া সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার), সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অথবা তার মনোনীত একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) পরিষদে সদস্য হিসেবে থাকবেন।

পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালকও পরিষদের সদস্য।

সদস্য হিসেবে আরো আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (শিল্পকলা অধিশাখা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন, ১৯৮৯ এর ৫(২) উপধারা অনুসারে পরিষদের মনোনীত সদস্যরা তিন বছরের জন্য সদস্য পদে থাকবেন। 

পরিষদ প্রতি তিন মাসে একবার সভায় মিলিত হবে এবং সভার তারিখ, সময় ও স্থান সভাপতি কর্তৃক নির্ধারণ করা হবে।

জুলাইয়ের পটপরিবর্তনের পর পরিষদের সদস্য বদল হয় এবং নতুন সদস্যদের নিয়ে সভা হয়েছে মাত্র একবার। গত ১৮ ডিসেম্বর সেই সভা হয়।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও নিয়মিত পরিষদের সভা করেননি সেই সময়ের মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আওয়ামী লীগ সরকারের শেষ এক বছর শিল্পকলায় পরিষদের কোনো সভা হয়নি।

মূলত ‘নানা রকম অনিয়ম করার জন্যই’ পরিষদের তোয়াক্কা করতেন না লাকী– এমন অভিযোগ সেই সময়কার পরিষদ সদস্যরা এনেছিলেন ।

লিয়াকত আলী লাকী মহাপরিচালক থাকার সময় শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সবশেষ সভা হয়েছিল ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর।

আগের খবর

পরিচালনা পরিষদ কেবল নামেই, শিল্পকলায় লাকীই সব?

অভিভাবকহীন শিল্পকলা, পরিষদও নিষ্ক্রিয়

প্রকাশ্য অনুষ্ঠানে পদত্যাগপত্র দিলেন শিল্পকলার ডিজি

প্রকাশ্য অনুষ্ঠানে পদত্যাগপত্র, চার শর্ত মানলে ফিরবেন জামিল আহমেদ

শিল্পকলায় এবার চারুকলার পরিচালকের পদত্যাগ

শিল্পকলায় পরিচালক পদেও রদবদল: মন্ত্রণালয় বলছে 'নতুন অধ্যায়ের সূচনা'