১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিল্পকলায় পরিচালক পদেও রদবদল: মন্ত্রণালয় বলছে 'নতুন অধ্যায়ের সূচনা'

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বলছে, এটি শিল্পকলায় ‘নতুন অধ্যায়ের সূচনা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 07:10 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

মহাপরিচালক হিসেবে কবি রেজাউদ্দিন স্টালিনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি শিল্পকলা একাডেমির পরিচালক পদেও বড় রদবদল আনা হয়েছে।

চারজন নতুন পরিচালক নিয়োগ দেওয়ার কথা রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সেখানে বলা হয়েছে, সরকার ‘নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের সংস্কৃতিকে দেশ-বিদেশে প্রচারের উদ্দেশ্যে’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) এবং চারজন পরিচালক নিয়োগ দিয়েছে এবং এটি শিল্পকলায় ‘নতুন অধ্যায়ের সূচনা’।

প্রশিক্ষণ বিভাগের পরিচালক করা হয়েছে শাহীন দিল-রিয়াজকে। প্রযোজনা বিভাগের পরিচালক হয়েছেন ড্যানিয়েল আফজালুর রহমান।

নাটক ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হয়েছেন দীপক কুমার গোস্বামী। আর গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক হয়েছেন সালমা জামাল।

সংস্কৃতি মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলেছে, নবগঠিত পরিচালনা কাঠামো ‘আধুনিক যুগের চাহিদা পূরণের জন্য’ শিল্পকলা একাডেমির পুনর্গঠনে কাজ করবে।

“এর মধ্যে রয়েছে- কার্যকর অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় প্রতিভা লালন, দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় নতুন কৌশল গ্রহণ, বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদকে উপস্থাপনের পরিকল্পনা প্রণয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সাংস্কৃতিক আইকন ও অনন্য ঘটনাবলি উদযাপন এবং সংগীত, নাটক, চলচ্চিত্র, নৃত্য, শিল্পকলা, আলোকচিত্র ও ক্রমবর্ধমান নতুন মিডিয়ার ক্ষেত্রে আগামী এক বছরের জন্য কিছু সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ।"

একাডেমি একইসঙ্গে নতুন বিভাগ খোলার উদ্যোগ নেবে, যা শিল্পকলার গুরুত্বপূর্ণ শাখাগুলোকে অন্তর্ভুক্ত করবে। 

এশিয়ান আর্ট বায়েনাল পুনর্গঠনের পাশাপাশি শিল্পকলা একাডেমির পরিচালকরা আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্য উৎসব আলাদাভাবে আয়োজনের পরিকল্পনা হাতে নেবেন।

মন্ত্রণালয়ের ভাষ্য, "আমাদের অনন্য সাংস্কৃতিক পরিচয় এক রঙিন মোজাইকের মত। নতুনকে উন্নয়ন ও নেতৃত্ব জুলাই-পরবর্তী বাংলাদেশে গড়ে ওঠা সেই দৃষ্টিভঙ্গিকে ধরে রাখবে, যেখানে কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয় অবহেলিত বা বঞ্চিত মনে করা হবে না। 

“জুলাই-পরবর্তী বাংলাদেশ যে অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক ধারা প্রত্যক্ষ করছে, তা আরও জোরদার হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পী, সংস্কৃতিসেবী ও সৃজনশীল মেধাবীদের জন্য একটি প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত ও বহাল থাকতে হবে।"

এক নজরে শিল্পকলার নতুন নেতৃত্ব

রেজাউদ্দিন স্টালিন

মহাপরিচালক

রেজাউদ্দিন স্টালিন একজন কবি, লেখক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি আশির দশকের একজন উল্লেখযোগ্য কবি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৪৫। তার কবিতা বহু ভাষায় অনূদিত হয়েছে। ২০০৬ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।

শাহীন দিল-রিয়াজ

পরিচালক, প্রশিক্ষণ বিভাগ

শাহীন দিল-রিয়াজ ইউরোপ ও এশিয়াভিত্তিক একজন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক ও লেখক। তিনি বার্লিনের ফ্রাই ইউনিভার্সিটি এবং কনরাড উলফ ইউনিভার্সিটি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে সিনেমাটোগ্রাফিতে স্নাতক করেছেন। 

তার প্রথম চলচ্চিত্র স্যান্ড অ্যান্ড ওয়াটার মুক্তি পায় ২০০২ সালে। এরপর থেকে তিনি স্বাধীন চলচ্চিত্র নির্মাতা হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করছেন এবং জার্মানির কনস্টান্স বিশ্ববিদ্যালয়ে ফেলো ও অতিথি শিক্ষক হিসেবে কাজ করছেন।

তিনি নতুন বিভাগ ও কর্মসূচি প্রতিষ্ঠা ও উন্নয়নে এবং বিএসএ-এর দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মন্ত্রণালয় আশা করছে। 

ড্যানিয়েল আফজালুর রহমান

পরিচালক, প্রযোজনা বিভাগ

ড্যানিয়েল রহমান ব্র্যান্ড ও গণমাধ্যম বিশেষজ্ঞ, যার রয়েছে দুই দশকের বেশি অভিজ্ঞতা। 

তিনি রেডিও ফুর্তি, রেডিও এবিসির মত এফএম রেডিও স্টেশনগুলোর প্রতিষ্ঠা বা পরিচালনায় যুক্ত ছিলেন। সমসাময়িক বাংলা সংগীতে নতুন প্রতিভা অন্বেষণেও তার ভূমিকা রয়েছে।

তিনি মূলত আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের উৎসব ও সাংস্কৃতিক ঘটনাবলিকে ‘বৈশ্বিক সাংস্কৃতিক সম্পদ’ হিসেবে প্রতিষ্ঠার দায়িত্বে থাকবেন।

সালমা জামাল

পরিচালক, গবেষণা ও প্রকাশনা বিভাগ

সালমা জামাল গিদ্রী বাওলি ফাউন্ডেশন অব আর্টসে গবেষণা ও পরিকল্পনা সমন্বয়ক হিসেবে কাজ করছেন। তিনি ২০০৫ সাল থেকে ঢাকার জনশিল্প আন্দোলন ছবির হাট-এ সক্রিয়। 

এর আগে তিনি অসলোভিত্তিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানে (পিআরআইও) ডেটা বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নিয়েছেন তিনি। 

তার গবেষণার বিষয়বস্তু হল সমাজভিত্তিক শিল্প, সহযোগিতামূলক চর্চা এবং শিল্পভিত্তিক সামাজিক আন্দোলন। 

তিনি বিএসএ-র শিল্পকলা বিষয়ক কর্মসূচির পুনর্গঠন পরিকল্পনায় ভূমিকা পালন করবেন।

দীপক কুমার গোস্বামী

পরিচালক, নাটক ও চলচ্চিত্র বিভাগ

দীপক কুমার গোস্বামী একজন বাংলাদেশি নাট্য ও চলচ্চিত্র অভিনেতা, বাচিক শিল্পী এবং পরিচালক। তিনি তীরন্দাজ রেপার্টরি নাট্যদলের প্রধান। 

তালাশ ও লাল মোরগের ঝুঁটি চলচ্চিত্রে অভিনয় করেছেন দীপক। তার নির্মিত প্রামাণ্যচিত্র Deepak Kumar Goswami Speaking: Being Hindu in Bangladesh is Not a Black and White Story সম্প্রতি যুক্তরাজ্যের হাউস অব কমন্স এবং লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হয়েছে। 

তিনি নাটক ও চলচ্চিত্র বিভাগকে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এর দায়িত্ব পালন করবেন বলে শিল্পকলার একাডেমির ভাষ্য।