Published : 08 Apr 2026, 05:35 PM
পপ কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’ মুক্তি পেতে আর খুব বেশি সময় বাকি নেই। তবে সিনেমাটির আলোর মুখ দেখার কথা ছিল আগেই। দেরি হওয়ার কারণ বহুল প্রতিক্ষীত এই বায়োপিকের ক্লাইম্যাক্স পালটে ফেলতে হয়েছিল।
ভ্যারাইটি লিখেছে, ক্লাইম্যাক্স দৃশ্যের পুরো অংশের শুটিং ফের করা হয় সে সময়।
চিত্রনাট্য শেষ করা হয়েছিল ১৯৯৩ সালের মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শিশু নিপীড়নের অভিযোগের পর্বটি দিয়ে। প্রযোজক লায়নসগেইট শুটিং শেষে জানতে পারেন, জ্যাকসনের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ আনা জরডান চ্যান্ডলারের চরিত্র পর্দায় বা কোনো মিডিয়ায় প্রদর্শন করায় এবং তার কাহিনী তুলে ধরা নিয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
আদালতের বাইরে মামলা নিষ্পত্তির সময় জ্যাকসনের আইনজীবীদের সঙ্গে চ্যান্ডলারের যে চুক্তি হয়েছিল সেখানেও এই শর্ত অন্তর্ভুক্ত ছিল।
বিষয়টি জানার পর, লায়নসগেইট সিদ্ধান্ত নেন, সিনেমার শেষাংশ ফের নতুন করে দৃশ্যধারণ করা হবে। ২০২৫ সালের জুনে লস অ্যাঞ্জেলেসে ২২ দিনে ধারণ করা হয় নতুন ক্লাইম্যাক্স। সেজন্য খরচ হয়েছ ১০ থেকে ১৫ মিলিয়ন ডলার। বাড়তি এই খরচটুকু দিচ্ছে মাইকেল জ্যাকসনের কোম্পানি জ্যাকসন স্টেইট। ভ্যারাইটি বলছে, সব মিলিয়ে সিনেমার বাজেট দাঁড়িয়েছে ১৫৫ মিলিয়ন ডলার।

নতুন শুট করার পর সিনেমার শেষ করা হয়েছে ১৯৮৭ সালের ‘ব্যাড ট্যুর’ দিয়ে। যেখানে দেখানো হয়েছে তার ব্লকবাস্টার হিট ব্যাড অ্যালবাম মুক্তির কয়েকমাস পর জ্যাকসন ব্যাড ট্যুর এর প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া বাবা জোসেফ জ্যাকসনের সঙ্গে তার সম্পর্ক ও পেপসির হয়ে বিজ্ঞাপণচিত্রে অভিনয়ের সময় দুর্ঘটনায় মাথায় আগুন ধরে যাওয়া ও এই কারণে পরবর্তীতে ব্যাথানাশক ওষুধের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতার অধ্যায়গুলোও তুলে আনা হয়েছে সিনেমায়।
ফের দৃশ্যধারণের কারণে সিনেমার মুক্তি পিছিয়ে দেন লায়নসগেইট। গেল বছরের ১৮ এপ্রিলের পরিবর্তে সিনেমাটি মুক্তি পাচ্ছে চলতি মাসের ২৪ তারিখ।
অ্যান্টোয়ান ফুকোয়া পরিচালিত ‘মাইকেল’ সিনেমায় মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন তার চাচার চরিত্রে অভিনয় করেছেন।
নভেম্বরে সিনেমার ট্রেইলার মুক্তি পর থেকেই দর্শকদের প্রত্যাশার পারদ আকাশ্চুম্বী। সিনেমার ট্রেড অ্যানালিস্টরা ধারণা করছেন, ‘মাইকেল’ ব্যবসার দিক থেকে আগের সব বায়োপিকগুলোকে ছাড়িয়ে যাবে।