Published : 07 Nov 2025, 01:00 PM
নাচের ওপর উচ্চতর প্রশিক্ষণ এবং সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জানিঁ লহগিয়েট অফ জ্যাজ ডান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত।
এ উপলক্ষে ১৩ নভেম্বর থেকে আগামী বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ফ্রান্সের নিস শহরে থাকবেন তিনি।
পূজা গ্লিটজকে বলেন, ফ্রান্সে লাবান মুভমেন্ট এনালাইসিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ নেবেন তিনি, সেই সঙ্গে ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচের ওপর সেশন পরিচালনা করবেন।
এছাড়া নভেম্বরে কান শহরে অনুষ্ঠেয় ‘২৫তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে’ জানিঁ লহগিয়েট অফ জ্যাজ ডান্স কোম্পানির সঙ্গে অংশ নেবেন পূজা সেনগুপ্ত।
রেপার্টরি ডান্স থিয়েটার ‘তুরঙ্গমীর' প্রতিষ্ঠাতা পরিচালক পূজা। ২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘তুরঙ্গমী’।

এই শিল্পীর নির্দেশিত ডান্স থিয়েটার ও কোরিওগ্রাফিগুলোর মধ্যে ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’, ‘নন্দিনী’, ‘হোচিমিন’, ‘অদম্য’, ‘ধরা তরু কাব্য’, ‘অরণ্যা’, ‘রেজোলিউশন’ অন্যতম।
নাচ নিয়ে পূজা এরইমধ্যে ভ্রমণ করেছেন বিশ্বের বহু দেশে, নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের হয়ে।
নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা একজন গবেষক। তিনি বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন। ২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯ ফিলিপিন্স ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন।
২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ডান্স একাডেমি এবং রাশিয়ায় হারজেন স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তার প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তার নৃত্যবিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।