শিল্পকলার আয়োজনে সারাদেশে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ঢাকায় শুরু ৭ জুন
জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত প্রথম স্থান অধিকারীদের নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
সাংস্কৃতিক কর্মকাণ্ড তৃণমূলে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উৎসাহ যোগাতে সারাদেশে শুরু হতে যাচ্ছে শিল্পকলা প্রতিযোগিতা।
দেশের ৬৪ জেলার পাশাপাশি ঢাকা মহানগরিকে দুই ভাগ করে মোট ৬৬টি কেন্দ্রে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বুধবার জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত জানান শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
এ সময় উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ জুনের মধ্যে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৭ জুন ঢাকা মহানগর উত্তর এবং ৮ জুন দক্ষিণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরে নিবন্ধনের শেষ তারিখ ৫ জুন।
অন্যদিকে ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে নিজস্ব ব্যবস্থাপনায় তারিখ ঠিক করে ২৫ জুনের মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন করা হবে। প্রতিযোগীরা নিজ নিজ জেলার শিল্পকলা একাডেমি থেকে তথ্য সংগ্রহ ও নিবন্ধন করবেন।
জেলা ও মহানগর পর্যায়ে নির্বাচিত প্রথম স্থান অধিকারীদের নিয়ে অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা।
মোট ১০টি নির্ধারিত বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এগুলো হল- রবীন্দ্রসংগীত, নজরুল সংগীত, গণজাগরণের গান (দেশাত্মবোধক/ভাষার গান/ মুক্তিযুদ্ধভিত্তিক/বঙ্গবন্ধুকে নিয়ে গান/ গণসংগীত), লোকসংগীত, সাধারণ নৃত্য/ সৃজনশীল নৃত্য, লোক নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি (কবিতা/ ছড়া), একক অভিনয় এবং চিত্রাংকন।
প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশ নিতে পারবেন প্রতিযোগিরা।
বয়সভিত্তিক বিভাগের মধ্যে আছে- ‘ক’ বিভাগ: প্রথম থেকে পঞ্চম শ্রেণি অথবা সর্বোচ্চ ১১ বছর। ‘খ’ বিভাগ: ষষ্ঠ থেকে দশম শ্রেণি অথবা সর্বোচ্চ ১৭ বছর। ‘গ’ বিভাগ: একাদশ থেকে স্নাতকোত্তর অথবা সর্বোচ্চ ২৫ বছর।
একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি বিষয়ে অংশ নিতে পারবেন।
সংবাদ সম্মেলনে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “গত বছর কেবলমাত্র ঢাকা মহানগরেই ১৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এবার মহানগরকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। ইতোমধ্যে দুই হাজারের বেশি নিবন্ধন করেছে।
“আমাদের ধারণা মহানগরেই ৩ হাজারের বেশি প্রতিযোগি অংশ নেবে। আর সারাদেশে কয়েক হাজার প্রতিযোগি অংশগ্রহণ করবে।”
প্রতিযোগিতা সফল করতে এরই মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
