২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক পোস্ট মুছে ফারিণের দুঃখ প্রকাশ

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ বাসায় গিয়ে ‘ভুল বোঝাবুঝির অবসান ঘটানোয়’ তাদের ধন্যবাদ দিয়েছেন ফারিণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 03:34 PM

Updated : 04 Dec 2022, 03:34 PM

যমুনা ফিউচার পার্কে চলন্ত সিড়িতে ‘দুর্ঘটনার’ বিবরণ দিয়ে ফেইসবুকে দেওয়া পোস্ট মুছে ফেলেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

সেইসঙ্গে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, তার অভিযোগ যা ছিল, তার বেশিরভাগই ‘তৃতীয় পক্ষ দ্বারা সংঘটিত’। একজন কর্মকর্তার জন্য পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করা তার ‘ঠিক হয়নি’।

“একটা ঘটনা ঘটলে সে ঘটনার পেছনেও অনেক ঘটনা ও কারণ থাকে। তাৎক্ষণিকভাবে হয়ত সবটা উপলব্ধি করা সম্ভব হয় না। তবে পরবর্তীতে অনেক কিছু খোলাসা হয়।”

যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ বিষয়টি ‘গুরুত্ব সহকারে দেখে’ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় এবং তার বাসায় গিয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটানোয় ফারিণ তাদের ধন্যবাদও দিয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যমুনা ফিউচার পার্কের প্রথম ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে নামার সময় গেট দিয়ে ঢুকে চলন্ত সিঁড়িতে দুর্ঘটনায় পড়েন ফারিণ। সেই ঘটনার বিবরণ দিয়ে পরে ফেইসবুকে দীর্ঘ পোস্ট দেন।

সেখানে তিনি লেখেন, “সিঁড়ির নিচের অ্যালুমিনিয়ামের পাত খুলে বের হয়ে ধারালো কোণা আমার পায়ে আঘাত করে। আমি সিঁড়ির ডান পাশে ছিলাম। আর ওইটা ছিল ঊর্ধমুখী।

“কলিসন হয় আমার পরনের প্যান্ট ছিঁড়ে যায় অনেকটুকু আর পায়ের বিভিন্ন স্থানে ছিলে যায় ও ডিপ কাট হয় যেটা পরবর্তীতে টের পাই। কিন্তু ঐ মুহূর্তের শুধু একটা দৃশ্যই আমার মাথায় ঘুরে ফিরে বারবার আসছে তা হলো কিছু বোঝার আগে সবাই গগনবিদারী চিৎকার করে উঠল আর আমি দেখলাম ডান পা স্ক্র্যাচ করে পায়ের পাশ দিয়ে  মাঝখান হয়ে বাম পায়ের উপরের দিকে একটা পাত ঢুকে যাচ্ছে আর চলন্ত সিঁড়িটিও আমাকে আরও সেদিকেই ঠেলে নিয়ে যাচ্ছে।”

তবে ওই ঘটনাকে ‘দুর্ঘটনা’ হিসেবে মানতে তখন রাজি ছিলেন না এই অভিনেত্রী। কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে তিনি লেখেন,“আমি শারীরিকভাবে সুস্থ আছি। ডক্টর পাঁচ দিন বেড রেস্ট আর এন্টি বায়োটিক দিয়েছে। বোন ইনজুরি হয়নি। বসতে পারছি না আর ডান দিকে কাত হয়ে শুতে হচ্ছে। তবে মানসিক এই ট্রমা আদৌ কোনোদিন কাটবে কিনা জানি না।

সবচেয়ে বেশি ফিল হচ্ছে হতাশা। মরে গেলেই মানুষ কোনো বিচার পায় না। আমি তো বেঁচে আছি আমার আর কী বিচার হবে।”

এরমধ্যে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ফারিণের সঙ্গে যোগাযোগ করে এবং তার বাসায়ও যায়। পরে শুক্রবারের ওই পোস্ট ফেইসবুক থেকে মুছে ফেলেন এই অভিনেত্রী।

আগের অবস্থান থেকে সরে আসার কারণ ব্যাখ্যা করে রোববার দুপুরে নতুন এক পোস্টে ফারিণ লেখেন, “আমার পূর্ববর্তী স্ট্যাটাস আমি ডিলিট করে দিয়েছি। কারণ সেটা শুধুমাত্র গতকাল পর্যন্ত হয়ে যাওয়া ঘটনার আমার ভাষ্য ছিল এবং দুর্ঘটনা হওয়ার পরবর্তী ঘটনাগুলোর আরেকটা দিক আমার স্ট্যাটাসের পর সামনে এসেছে। ঘটনা পরবর্তী যে সকল কার্যক্রম নিয়ে আমার অভিযোগ ছিল, তার বেশিরভাগই তৃতীয় পক্ষ দ্বারা সংঘটিত। মধ্যম ব্যক্তি আমাদেরকে এসে একটা কথা বলেছেন এবং ম্যানেজমেন্টকে আমাদের নামে বানিয়ে মিথ্যা কথা বলেছেন।

“শুক্রবার হওয়ার কারণে ঊর্ধতন কর্তৃপক্ষের সবাই ছুটিতে ছিলেন এবং সদ্য চলতি মাসে জয়েন করা সে কর্মচারীর কারণে এ বিস্তর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, যা ঐ কর্মকর্তার পাঠানো হোয়াটস অ্যাপ মেসেজগুলো দেখে আরো পরিষ্কার বুঝতে পারি। গত রাতে প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্তদের সাথে কথা বলে আমার ভালো লেগেছে।”

ফারিণ লিখেছেন, “একজন কর্মকর্তার জন্য পুরো প্রতিষ্ঠানকে দোষারোপ করাটা ঠিক না এবং এ ব্যাপারে হয়ত আমার আরেকটু বোঝার প্রয়োজন ছিল। সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষকে বিষয়টি এত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। ধন্যবাদ আমার বাসায় এসে সে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য।

“আসলে আমার জন্য ব্যক্তিগত সম্মানের জায়গাটা অনেক বড়। সেটা নিশ্চিত করতে আপনারা যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। যমুনা ফিউচার পার্কে আমিসহ অনেকেই নিয়মিত শপিং করতে যাই। আশা রাখছি যেসব জায়গায় কমতি রয়েছে সেগুলোর সমাধান করে ক্রেতাদের একটি নিরাপদ ও সুব্যবস্থাপিত পরিবেশ নিশ্চিত করবে কর্তৃপক্ষ।”

পুরনো খবর:

বাবা ধাক্কা না দিলে হয়ত আমি থাকতাম না: ফারিণ

ছোট পর্দায় পা দিয়েই জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ফারিণ ওটিটিতেও দাপট দেখাচ্ছেন। ২০২১ সালের জুলাই মাসে ভারতভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘জি ফাইভ’-এ মুক্তি পায় মোস্তফা সরওয়ার ফারুকীর পরিচালনায় ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলমেন’। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তাসনিয়া ফারিণ।

ওয়েব ফিল্ম ‘নিঃশ্বাস’ ও ওয়েব সিরিজ ‘কারাগার’-এ তার অভিনয় প্রশংসিত হয়। আগামী ২২ ডিসেম্বর আসছে কারাগারের প্রথম পর্ব।

এছাড়া গত শুক্রবার এ অভিনেত্রীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে কলকাতায়। এসকে মুভিজের প্রযোজনায় ‘আরও এক পৃথিবী’ নামের ওই সিনেমায় ফারিণের সহশিল্পী কৌশিক গাঙ্গুলী, সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বোসের মতো শিল্পীরা।

দেশে একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত ‘দাহকাল’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন ফারিণ। দাহকালে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে সংগীতশিল্পী পান্থ কানাইকে।