১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আদিম’ সিনেমার পর ‘অতল’ নিয়ে ফের মস্কো উৎসবে শামীম

‘অতল’ সিনেমার চিত্রনাট্য অস্তিত্ব সংকটে ভোগা একজন মানুষের মনস্তত্ব তুলে ধরেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 09:20 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

‘আদিম’ খ্যাত নির্মাতা যুবরাজ শামীমের নতুন সিনেমা ‘অতল’ যাচ্ছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। 

নির্মাতা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উৎসবের ৪৮তম আসরে ‘অ্যাপকিলপস নাউ’ বিভাগে মনোনীত হয়েছে ‘অতল’ সিনেমাটি। 

এর আগে শামীমের প্রথম চলচ্চিত্র ‘আদিম’ মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে মনোনীত হয়েছিল এবং সেই আসরে সিনেমাটি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড এবং নেটপ্যাক জ্যুরি অ্যাওয়ার্ড পেয়েছিল। 

এ বছর শামীমের সিনেমাটি মূল প্রতিযোগিতা বিভাগে না থাকলেও ‘নেটপ্যাক কমপিটিশনে' প্রতিযোগিতা করবে। 

‘অতল’ সিনেমার চিত্রনাট্য অস্তিত্ব সংকটে ভোগা একজন মানুষের মনস্তত্ব তুলে ধরেছে।

সিনেমাটি নিয়ে শামীম বলেন, "একজন মানুষ যার প্রায়ই মনে হয় সে মৃত্যু পরবর্তী জীবন পার করছেন কিংবা অন্যের অসমাপ্ত জীবন কাটাচ্ছেন। যেখানে সময়, তার চারপাশের চরিত্র সব থমকে আছে। সেটাই ‘অতলে’ উপস্থাপন করার চেষ্টা করেছি।"

‘অতল’ শামীমের প্রযোজনা প্রতিষ্ঠান দরবার শরীফ প্রযোজিত প্রথম সিনেমা। 

এতে অভিনয় করেছেন নাঈম তুষার। অভিনয়ের পাশাপাশি ‘অতল’ এর সিনেমাটোগ্রাফির দায়িত্বও সামলেছেন তিনি। 

শামীম বলেন,"‘অতল’ মূলত আমাদের দুজনের জার্নি, আমরা দুজন একটা ক্যামেরা নিয়ে স্কুটিতে করে নানান জায়গায় ঘুরে বেড়িয়েছি, যে জায়গাটার সঙ্গে আমরা কানেকশন অনুভব করেছি সেখানেই আমরা ক্যামেরা বসিয়েছি, তুষার ভাই ক্যামেরা ঠিকঠাক করে ক্যামেরার সামনে দাঁড়ালে, আমি শুধু ক্যামেরা অন অফ করেছি।

" আমি আসলে সিনেমা নির্মাণকে কবিতার মত করে দেখি। যেখানে একজন কবি কবিতা লিখবার পর কখনও আমাদের মনে হয় না  এই কবিতার বাজেট কত! বরং কবিতা হয়ে ওঠার পেছনে কবির যাপন কিংবা আর্টের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ। সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমার কাছে আর্টের এই প্রক্রিয়াটাই গুরুত্বপূর্ণ। এখানে বাজেট বা কাস্টিং কিংবা গল্প কোনকিছুই আমার কাছে গুরুত্ব বহন করে না।"

‘অতল’ সিনেমার শব্দগ্রহণের কাজ করেছেন রিপন নাথ, কালারে আব্দুল্লাহ্ রাকিব এবং পোস্টার করেছেন মেঘদল ব্যান্ডের শিবু কুমার শীল। 

প্রথম সিনেমার পর দ্বিতীয় সিনেমাও মস্কোতে প্রিমিয়ার কেন প্রশ্নে নির্মাতা বলেন, "২০২৩ সালে মস্কোতে যখন জুরি হিসেবে গেলাম সেবছর মস্কো উৎসবের প্রোগ্রাম ডিরেক্টর ইভান কুদ্রিয়াভৎসেভের সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়, কথা প্রসঙ্গে ইভান আমাকে বলেন যখন একজন মা সুন্দর একটা গল্প বলেন তখন সন্তানেরা মায়ের পরের গল্পটা শোনার জন্য অপেক্ষা করে আমরা তেমনই আপনার পরের সিনেমার জন্য অপেক্ষা করছি। ইভানের কথায় আমি আপ্লুত হলেও ভেতরে ঠিকই ভেবেছি পরের সিনেমাটি আমি নতুন কোন উৎসবে প্রিমিয়ার করবো।"

বেশ কয়েকটি উৎসবে চেষ্টা করেও শেষ পর্যন্ত মস্কোতেই প্রিমিয়ার হয় বলে জানিয়েছেন শামীম।

তিনি বলেন, "অতল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উৎসবে নির্বাচিত হলেও আমি আরও ভালো উৎসবের আশায় তা রিজেক্ট করি, কারণ ইউরোপের বড় দুইটি উৎসবে আমার সিনেমা বিবেচনায় রেখেছিল, যদিও শেষমেশ কোনটাই হয় নাই। এরপর মস্কোতেও সিলেক্ট হওয়ার পর ব্যক্তিগত জটিলতায় আমি রিজেক্ট করার সিদ্ধান্ত নেই, মেইলও পাঠাই! কিন্তু সিনেমাটি অফিসিয়ালি রিজেক্ট হল না। বুঝতে পারলাম মস্কোই ছবির গন্তব্য!"

৪৮তম মস্কো চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ১৬ এপ্রিল, আর পর্দা নামছে ২৩ এপ্রিল। 

শামীম বলেন, উৎসবে অংশ দিতে তিনি এবং নাঈম তুষার ১৬ এপ্রিল দেশ ছাড়বেন এবং ১৯ এপ্রিল মস্কোতে ‘অতল’ সিনেমাটি প্রদর্শিত হবে।