Published : 21 Dec 2023, 08:28 AM
ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে ‘স্বচ্ছতা না আসা পর্যন্ত’ ম্যাজিক না দেখানোর ঘোষণা দিয়েছেন জাদুশিল্পী পিসি সরকার জুনিয়ার। রাজ্য সরকারের ওপর ক্ষোভ থেকে তার এই সিদ্ধান্ত।
এই জাদুশিল্পীর পুরো নাম প্রদীপ চন্দ্র সরকার, তবে পরিচিত পিসি সরকার জুনিয়র নামে। বাবা ভারতীয় জাদুকর পিসি সরকারের দেখানো পথে জাদুবিদ্যাকে পেশা হিসেবে নিয়েছেন তিনি তরুণ বয়স থেকে। তাই এই জাদুকরের নামের শেষে যোগ হয়েছে জুনিয়র।
হিন্দুস্তান টাইমস লিখেছে, কলকাতার টিভিনাইনকে দেওয়া সাক্ষাৎকারে পিসি সরকার জুনিয়র বলেন, “শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখলে বমি পায়। ইচ্ছে করে গিয়ে ঘুষি মারি নেতাদের মুখে। শিক্ষায় দুর্নীতি করে রাজ্যটাই নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে।
“যতদিন না পর্যন্ত শিক্ষক নিয়োগের সমস্যা কাটছে, ততদিন পর্যন্ত আমি ম্যাজিক দেখানো বন্ধ রাখব। এটাই আমার প্রতিবাদ!!”
সাক্ষাৎকারে রাজ্যে বেড়ে যাওয়া দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারায় পিসি সরকার জুনিয়ার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারের ওপরে। তিনি বলেন, দেশের মানুষের ম্যাজিক দেখার মত মানসিকতা আছে বলে তিনি মনে করেন না।
“কে দেখবে ম্যাজিক? সমাজ বদলে গেছে। আমাদের দেশে রূপকথাটাই তো শেষ হয়ে গেছে। দেশ দুর্নীতিতে ভরে গেছে। এ কাজ ছেড়ে দেওয়াই ভালো।“
জাদুবিদ্যার দুনিয়া ছাড়াও রাজনীতির ময়দানে কিছুদিন বিচরণ করেছেন পিসি সরকার জুনিয়র। ২০১৪ সালে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে নেমেছিলেন তিনি, তবে জয় আসেনি।
তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম না নিলেও তার সমালোচনা করে পিসি সরকার জুনিয়র বলেন, “মন নিচু এমন লোকের হাতে ক্ষমতা গেলে দেশ কীভাবে চলবে? বাঙালিকে বলব, বেশ হয়েছে। ভুল নির্বাচন করেছেন, করার আর কিছু নেই।“
রাজনীতিতে আসা নিয়েও আক্ষেপ ঝরেছে তার কথায়। তার ভাষ্য, রাজনীতিতে তিনি ‘বলির পাঁঠা’ হয়েছেন।