Published : 08 Jul 2023, 08:27 PM
কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের নতুন গান ‘সন্ধ্যাতারা’। শনিবার রাতে গানটি প্রকাশ হয় তাদের ইউটিউব চ্যানেলে। এতে অংশ নিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।
ঈদের আগে এসেছিল কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমের অষ্টম গান ‘দেওয়ানা’। এবার আসছে নতুন গান 'সন্ধ্যাতারা'।
গানটিতে বন্দিশ ও পপ গানের ফিউশন করা হয়েছে, সাথে আছে অর্ণবের নিজের করা ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক) এর স্বাদ।
বন্দিশ সাধারণত হিন্দি ও উর্দুতে লেখা হয়। এই প্রথম এই প্ল্যাটফর্মে বাংলা ভাষায় বন্দিশ পরিবেশন করা হচ্ছে।
কোক স্টুডিও বাংলা জানিয়েছে, ‘সন্ধ্যাতারা’ একটি বন্দিশকে বাংলাদেশি ধরনে প্রকাশ করার একটি প্রচেষ্টা। ইমন রাগের ওপর ভিত্তি করে তৈরি ‘ম্যায় ওয়ারি ওয়ারি জানুগি’ শিরোনামের বন্দিশটিকে এখানে বাংলায় উপস্থাপন করা হয়েছে। এতে আগ্রা ঘরানার আসল বৈশিষ্ট্য ধরে রাখা হয়েছে।
মূল গানটির সুর করেছিলেন ওস্তাদ বিলায়েত হুসেন খাঁ, আর একে বাংলায় রূপান্তরিত করেছেন দিবস কৃষ্ণ বিশ্বাস।
কোক স্টুডিও বাংলা’র গানটিতে শাস্ত্রীয় ও লোকজ বাদ্যযন্ত্রের সাথে আধুনিক বাদ্যযন্ত্রের মিশ্রণ ঘটেছে। এই ফিউশনটির সুর, সঙ্গীতায়োজন ও প্রযোজনা করেছেন সুরকার অদিত রহমান। আর গানটির ‘বেলা হারায়’ অংশটির সুর করেছেন অর্ণব নিজেই।
গানটি প্রেমের গভীর অনুভূতি এবং রোমান্টিক মনের সঙ্গীর সঙ্গে মিলিত হওয়ার ব্যাকুলতা তুলে ধরে। দর্শক-শ্রোতারা গানের কথায় প্রেমের ব্যাপারে দুই ধরনের দৃষ্টিভঙ্গি উপভোগ করবেন।

সুনিধি বন্দিশের মাধ্যমে আর অর্ণব পপ স্টাইলের মাধ্যমে প্রেম সম্পর্কে দৃষ্টিভঙ্গি মঞ্চের দু’টি ভিন্ন অংশের মাধ্যমে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরেছেন।
গানটিতে অর্ণব আছেন রক ও পশ্চিমা অংশে, অন্যদিকে সুনিধি রাগ ও প্রাচ্য অংশে। সুনিধির অংশের প্রাচ্যদেশীয় স্থাপত্যশৈলী, চিত্রকর্ম ও সোনালি আলো শাস্ত্রীয় বন্দিশের বিশুদ্ধতা তুলে ধরে।
অর্ণবের অংশটি জনপ্রিয় সংস্কৃতি বা পপ কালচারের উপাদান দিয়ে সাজানো। দুই শিল্পীর পরিবেশনার মাধ্যমে আধুনিক পপের সাথে শাস্ত্রীয় সঙ্গীতের মিশেল ঘটেছে, যা দর্শক-শ্রোতাদের ‘রিয়েল ম্যাজিকের স্বাদ’ দেবে বলে কোক স্টুডিও মনে করে।
গানটি সম্পর্কে অর্ণব বলেন, “এই গানে বন্দিশ ও আধুনিক পপ গানের ফিউশনের মাধ্যমে অসাধারণভাবে শাস্ত্রীয় ও আধুনিক গানের মিশ্রণ ঘটানো হয়েছে। ঐতিহ্যবাহী সুরের সাথে আধুনিক বিট আর ইলেকট্রনিক সাউন্ডস্কেপ এখানে এক জায়গায় এসে মিলেছে।

“এর ফলে দুই ধারার গানকেই সম্মান জানানোর মাধ্যমে সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি হয়েছে। কোক স্টুডিও বাংলায় আমরা সঙ্গীতের ক্রমপরিবর্তনশীল রূপ এবং সঙ্গীতের বিভিন্ন ধারার মধ্যে সহযোগিতার অফুরন্ত সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই গানটি তারই প্রমাণ দেয়।”
সুনিধি নায়েক বলেন, “এই গানটিতে আমি বিখ্যাত বন্দিশ ‘ম্যায় ওয়ারি ওয়ারি জানুগি’-র বাংলা সংস্করণ পরিবেশন করেছি। চ্যালেঞ্জটা আমি দারুণ উপভোগ করেছি। শাস্ত্রীয় সঙ্গীতের একজন শিল্পী হিসেবে, দর্শক-শ্রোতাদের সামনে এমন একটা গান নিয়ে আসতে পেরে আমি খুবই আনন্দিত।”