Published : 13 Jun 2026, 11:09 PM
সিনেমার সঙ্গে সাড়ে তিন দশক কাটিয়ে দেওয়া বলিউড অভিনেতা অক্ষয় কুমারের এখন মাঝেমধ্যে ‘ক্লান্তি আসছে’। তাহলে সেই ক্লান্তি কি এবার সমাপ্তি টানবে অভিনেতার ক্যারিয়ারের?
সেই উত্তর অক্ষয় দিয়েছেন নিজেই। নিউজ ১৮ লিখেছে, কদিন আগে মুম্বাইয়ে ‘ওয়েলকাম টু জঙ্গল’ সিনেমার ট্রেইলার প্রকাশের অনুষ্ঠানে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন অক্ষয়।
অক্ষয় বলেন, “ভোর ৪টায় যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মধ্যে কাজ ছেড়ে দেওয়ার চিন্তা মাথায় আসে। কিন্তু পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, শুটিংয়ে যেতে হবে। তারপর মনে হয়, ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে সেটে পৌঁছোতে হবে। তাই চিন্তাটা মাত্র পাঁচ সেকেন্ড থাকে।
“তারপর ভাবি, কাল অবসর নেব। পরদিন আবার ভোর ৪টায় উঠে একই ঘটনা ঘটে। এ ভাবেই ৩৬ বছর কেটে গিয়েছে।”
অবসরের ভাবনা এলেও কেন তা এড়িয়ে যান অক্ষয়? তা নিয়েও কথা বলেছেন তিনি।
তার কথায়, “আমি অবসর নিলে কী হবে? বাড়িতে বসে থাকলে আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে। কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে হবে। বাগানের কাজ করতে হবে। বাড়ির সব কাজই আমার ঘাড়ে এসে পড়বে। তার চেয়ে কাজে যাওয়াই ভালো। আমি অবসর নেব না, সেটাই ভালো।”
পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান কী না প্রশ্নের উত্তরে অক্ষয় বলেন, তিনি একবার বিরতি নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু, বেশিদিন টানতে পারেননি।
তিনি বরেন, “বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এক দিন পর ওরাই বলতে শুরু করল, ‘বাবা, তুমি কবে কাজে যাবে?’ তাই বুঝে গিয়েছিলাম, কাজ করাই ভালো।”
এরপর অবসর নিয়ে নিজের দর্শন তুলে ধরেন অক্ষয়।
তিনি বলেন, “সত্যি বলতে ‘অবসর’ শব্দটাই আমার কাছে ভুল মনে হয়। একজন মানুষের অবসর নেওয়া উচিত তখনই, যখন তার বেঁচে থাকার আর পাঁচ সেকেন্ড বাকি। তখন তিনি বলতে পারেন, ‘ভাই, আমি অবসর নিচ্ছি।’ অবসর নিয়ে চিন্তা করবেন না। দীর্ঘ জীবন চাইলে কাজ করে যান।”
১৯৯১ সালে 'সৌগন্ধ' সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন অক্ষয়। অ্যাকশন, কমেডি, প্রেম ও ও সামাজিক প্রেক্ষাপটের সিনেমার মাধ্যমে দর্শকদের মধ্যে পরিচিতি তৈরি করেন তিনি অল্পদিনের মধ্যেই। দেড়শোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা অক্ষয়ের 'খিলাড়ি', 'হেরা ফেরি', 'ওয়েলকাম', 'ভুল ভুলাইয়া', 'রাউডি রাঠোর', 'এয়ারলিফট' ও 'কেশরী'সহ আরও কিছু ব্লকবাস্টার সিনেমা আছে।
গেল কয়েক বছরে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'স্কাই ফোর্স', 'হাউসফুল ৫', 'জলি এলএলবি ৩' এবং 'ভূত বাংলা'।