২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিশন রানিগঞ্জ’ নিয়ে অস্কারে ছুটছেন অক্ষয়

অক্ষয়ের ভাষ্য, সিনেমাটি বাণিজ্যিক উদ্দেশ্যে বানানো হয়নি, এটা তার সেরা সিনেমাগুলোর একটি।

‘মিশন রানিগঞ্জ’ নিয়ে অস্কারে ছুটছেন অক্ষয়

অক্ষয় কুমার

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 07:32 PM

Updated : 14 Oct 2023, 07:32 PM

অস্কারে যাচ্ছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। 

সত্য ঘটনা অবলম্বনে টিনু সুরেশ দেশাই পরিচালিত এ সিনেমা অক্টোবরের প্রথম সপ্তাহে মুক্তি পায়। তবে বক্স অফিসে সিনেমাটি তেমন প্রভাব ফেলতে পারেনি। 

ভারত সরকারের পক্ষ থেকে মিশন রানিগঞ্জকে অস্কারের জন্য মনোনীত করা হয়নি। স্বাধীনভাবে নির্মাতাদের নিজস্ব উদ্যোগে সিনেমাটি অস্কারে পাঠানো হচ্ছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে। 

এর আগে দক্ষিণের সিনেমা ‘আরআরআর’ একই পদ্ধতিতে অস্কারের মঞ্চ পর্যন্ত পৌঁছায়। এস এস রাজামৌলি পরিচালিত  সেই সিনেমার নাটু নাটু গানটি জিতে নেয় সেরা মৌলিক গানের অস্কার।এবার অক্ষয়ও সেই রাস্তা ধরলেন।

১৯৮৯ সালে রানিগঞ্জ কোলফিল্ডের মহাবীর খনিতে আটকে পড়েন ৬৫ জন শ্রমিক। সেসময় খনির উপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে তাদের উদ্ধার করেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং গিল। ওই ঘটনাই ৩৪ বছর পর ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ সিনেমার মধ্য দিয়ে তুলে ধরেছেন প্রযোজক জ্যাকি ভাগনানি। 

অক্টোবরের ৬ তারিখে মুক্তি পেয়েছে ‘মিশন রানিগঞ্জ’। এখন পর্যন্ত মোট আয় করেছে ১৮.২৫ কোটি রুপি।

সম্প্রতি টাইমস নাউ নবভারতকে দেওয়া সাক্ষাত্কারে অক্ষয় বলেন, “এটি কোনো বাণিজ্যিক সিনেমা নয়। যতটা আয় করা উচিত ছিল, ততটা করেনি। তবে আমি এতটুকুই বলতে চাই, এখন পর্যন্ত প্রায় ১৫০টি সিনেমায় কাজ করেছি, ‘মিশন রানিগঞ্জ’ আমার সেরা কাজগুলো একটি।” 

এ সিনেমায় অক্ষয়ের বিপরীতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। যশবন্তের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।  

আরো আছেন কুমুদ মিশ্র, পবন মালহোত্রা, রবি কিষাণ, বরুণ বাদোলা, দিব্যেন্দু ভট্টাচার্য, রাজেশ শর্মা, শিশির শর্মা, সুধীর পাণ্ডে, জামিল খান, বচন পাচেরা, বীরেন্দ্র সাক্সেনা।