১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জন্মদিনে পর্দায় ফিরলেন শবনম

অনুষ্ঠানটি প্রচার হবে রোববার রাত ৮টা ২৫ মিনিটে।

জন্মদিনে পর্দায় ফিরলেন শবনম
'শবনম: রূপনগরের রাজকন্যা’ অনুষ্ঠানে অভিনেত্রী শবনম। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 03:44 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি, ইরান-তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি’ গানটির সঙ্গে যার নাম জড়িয়ে তিনি  ‘রূপনগরের রাজকন্যা’ খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী শবনম। 

তিনি দুই যুগ পর আসছেন পর্দার সামনে। তবে কোনো নাটক বা চলচ্চিত্রে নয়। 

শবনমের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হবে তার সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।

বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, আবদুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় এ অনুষ্ঠানে শবনম বলেছেন তার জীবনের নানা কথা। অনুষ্ঠানটি প্রচার হবে রোববার রাত ৮টা ২৫ মিনিটে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন ও চ্যানেল আই অনলাইনেও দেখা যাবে অনুষ্ঠানটি।

অভিনেত্রী শবনম। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।   

অভিনেত্রী শবনম

এতদিন পর কোনো অনুষ্ঠানে আসার প্রতিক্রিয়ায় শবনম বলেন, "আম্মাজান সিনেমা করার পর আর কোনো অনুষ্ঠানে যাইনি। এই প্রথম কোনো টেলিভিশন শোতে অংশ নিয়েছি। এত বছর পর চ্যানেল আইয়ের অনুষ্ঠানে যাওয়া হল, খুব ভালো লেগেছে।" 

ষাট থেকে নব্বই দশক পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে ১৮০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন শবনম। তার সিনেমায় যাত্রা শুরু ১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে।

মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথমবারের মত নায়িকা হিসেবে অভিনয় করেন শবনম। এর আগে এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। 

তবে বর্ষীয়ান এই অভিনেত্রী বাজিমাৎ করেন ‘হারানো দিন’ সিনেমা দিয়ে। 

১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র ‘চান্দা’য় অভিনয় করে পুরো পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন তিনি। 

‘এ দেশ তোমার আমার’, ‘হারানো দিন’, ‘আমার সংসার’, ‘কখনো আসেনি’, ‘চোর’, ‘জোয়ার ভাটা’, ‘জুলি’, ‘নবারুণ’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সন্ধি’, ‘রাজধানীর বুকে’, ‘সহধর্মিণী’সহ বাংলা-উর্দু মিলিয়ে বহু সিনেমায় শবনম সুখ্যাতি কুড়িয়েছেন। 

'শবনম: রূপনগরের রাজকন্যা’ অনুষ্ঠানে অভিনেত্রী শবনম। ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে।

'শবনম: রূপনগরের রাজকন্যা’ অনুষ্ঠানে অভিনেত্রী শবনম

সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করেন শবনম। শবনমের মনে এখনো দাগ কেটে আছে আম্মাজান সিনেমা এবং নায়ক মান্না। 

শবনম বলেন, "মান্না একজন ভালো আর্টিস্ট ছিল। ব্যক্তি মান্নাও দারুণ মানুষ ছিল। অনেক মনে হয় মান্নাকে। একটাই সিনেমা করেছি তার সঙ্গে। কিন্তু আমার মনে হয়, আম্মাজানের জন্যই ও জন্ম নিয়েছিল। ও খুব জলদি আমাদের ছেড়ে চলে গেছে। ওর চলে যাওয়াতে সে সময় আমাদের ইন্ডাস্ট্রি প্রায় শেষ হয়ে গিয়েছিল।" 

বর্তমানে ঢাকাতেই থাকেন এই অভিনেত্রী। বই পড়া, গান শোনা এবং ঘরের কাজকর্মেই নিজেকে আবদ্ধ রেখেছেন শবনম।