২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর শিল্পকলায় মুক্তিযুদ্ধের ৬ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

শুক্র ও শনিবার এ প্রদর্শনী সবার জন্যে উন্মুক্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2022, 10:06 PM

Updated : 07 Nov 2022, 10:06 PM

যশোর শিল্পকলা একাডমি মিলনায়তনে হতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাধর্মী ছয়টি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী। 

আসছে শুক্র ও শনিবার এ প্রদর্শনী হবে। 'মুক্তিযুদ্ধ ৭১' এবং 'বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট' এর যৌথ প্রযোজনায় নির্মিত প্রতিটি প্রামাণ্যচিত্রের দৈর্ঘ্য এক ঘণ্টা। 

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইন্সটিটিউটের শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা এ প্রামাণ্যচিত্রগুলো নির্মাণ করেছেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের পরিচালক চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল।

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল অধ্যায়কে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ প্রদর্শনী সবার জন্যে উন্মুক্ত রাখা হয়েছে। 

শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে 'মুজিবনগর: বাংলাদেশ মুক্তিযুদ্ধের সরকার', সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে দেখানো হবে 'বীর চট্টলার প্রতিরোধযুদ্ধ' এবং রাত ৭টায় 'বিলোনিয়ার যুদ্ধ' দেখানো হবে। 

পরদিন শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে 'জনযুদ্ধ ৭১’, বিকাল ৫টা ৪৫ মিনিটে দেখানো হবে 'আকাশে মুক্তিযুদ্ধ' এবং রাত ৭টায় 'একাত্তরের নৌ-কমান্ডো' দেখানো হবে।