০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

২ যুগে পা রাখল ইউল্যাব

“সৃজনশীলতা, স্বাধীন চিন্তা ও অ্যাকাডেমিক উৎকর্ষ ইউল্যাবের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য,” বলেন বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কাজী আনিস আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Oct 2026, 09:53 PM

Updated : 04 Oct 2026, 09:53 PM

প্রতিষ্ঠার ২৩ বছর উদযাপন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

রোববার নানা আয়োজনে ক্যাম্পাসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অতিথি ও ইউল্যাব পরিবারের সদস্যরা অংশ নেন।

আয়োজনে ক্যাম্পাসজুড়ে ছিল পাঁচটি ইন্টারঅ্যাকটিভ জোন— ডিসকভার, ডেভেলপ, ডেমোনস্ট্রেট, ডিস্টিংগুইশ ও বিলং।

এসব জোনে ইউল্যাবের শিক্ষার সুযোগ, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, শিক্ষার্থীদের অর্জন, সৃজনশীলতা এবং বিভিন্ন ক্লাবের কার্যক্রম তুলে ধরা হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের সক্ষমতা প্রদর্শনী, আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন, ‘আইডিয়াস অব বাংলাদেশ’ শীর্ষক দেয়ালচিত্র, আন্তর্জাতিক অংশীদারত্বের প্রদর্শনী, কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে চীনা ক্যালিগ্রাফি এবং জাপান দূতাবাসের আয়োজনে জাপানি ঐতিহ্যবাহী পোশাক ইউকাতা পরিধান ও অরিগামি কর্মশালাসহ নানা আয়োজন ছিল।

স্বাগত বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা বিশ্ববিদ্যালয়ের ২৩ বছরের অগ্রযাত্রা, মানসম্মত শিক্ষা, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম গ্র্যাজুয়েট তৈরির প্রতি ইউল্যাবের অঙ্গীকার তুলে ধরেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের অর্জন ও গুরুত্বপূর্ণ মাইলফলক নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কাজী আনিস আহমেদ বলেন, “সৃজনশীলতা, স্বাধীন চিন্তাভাবনা ও অ্যাকাডেমিক উৎকর্ষ ইউল্যাবের প্রতিষ্ঠাকালীন লক্ষ্য এবং শিক্ষাদর্শনের মূল ভিত্তি।”

অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম তারেক ভবিষ্যতের চ্যালেঞ্জিং কর্মক্ষেত্রের জন্য গ্র্যাজুয়েটদের প্রস্তুত করতে ব্যবহারিক দক্ষতা অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অগ্রগতি, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো।

জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।