হাফ গার্লফ্রেন্ড সিনেমায় বৃষ্টিভেজা গানের দৃশ্যে শ্রদ্ধা কাপুর; সিনেমায় তার বিপরীতে ছিলেন অর্জুন কাপুর।
Published : 29 May 2023, 11:36 PM
শ্রদ্ধা কাপুর ক্রিকেট খেলেনও না, আইপিএলে কোনো দলের মালিকও নন তিনি। অথচ এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ভেস্তে যাওয়ার দায় নিতে হচ্ছে এই অভিনেত্রীকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের ফাইনাল হওয়ার দিন ঠিক ছিল রোববার। সাপ্তাহিক ছুটির এই দিনে মাঠে নামতে প্রস্তুত ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং হার্দিক পান্ডিয়ার দল গুজরাট টাইটানস।
তবে বৃষ্টির বাগড়ায় গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একটি বলও গড়ায়নি। আর এই বৃষ্টির জন্য বলিউড তারকা শ্রদ্ধা কাপুরকে দায়ী করে মন্তব্য করে বসেন এক নেটিজান।
ফাইনালের সঙ্গে শ্রদ্ধার একট সম্পর্ক অবশ্য টানা যায়। আইপিএল ফাইনাল নিয়ে জিও সিনেমা প্যানেলের আলোচনায় অতিথি ছিলেন শক্তি কাপুর কন্যা। কিন্তু এর সঙ্গে বৃষ্টির সম্পর্ক কী?
এই অভিনেত্রীর এক ভক্ত লিখেছেন, যেখানে শ্রদ্ধা আছে, সেখানে বৃষ্টি নামবে না, তা কী হয়!
পুরানো খবর:
বৃষ্টির দাপটে রিজার্ভ ডেতে আইপিএল ফাইনালইঙ্গিতটি শ্রদ্ধার সিনেমার দিকে। এই বলিউড তারকার ব্যবসাসফল বেশ কয়েকটি সিনেমার গানের দৃশ্যে বৃষ্টিতে ভিজতে দেখা গিয়েছিল তাকে।
আশিকী-২ থেকে শুরু করে এক ভিলেন, বাঘি, হাফ গার্লফ্রেন্ড, সবগুলো সিনেমায় শ্রদ্ধার বৃষ্টিভেজা গানের দৃশ্য দর্শকপ্রিয়তা পায়।
মজার বিষয় হল তাকে নিয়ে ভক্তের এই মন্তব্য প্রকাশ্যে এনেছেন শ্রদ্ধা নিজেই। ইনস্টাগ্রামে তা শেয়ার করেছেন তিনি, বিষয়টি মজাচ্ছলেই নিয়েছেন এই অভিনেত্রী।
আর দ্রুত সেই পোস্ট ছড়িয়ে পড়ে; বিভিন্নজন শ্রদ্ধাকে ‘বারিশ গার্ল’ অভিহিত করে লিখছেন, ছবি দিচ্ছেন তার সেই সিনেমার গানের দৃশ্যগুলোর।
এদিকে আগের দিন না হওয়ায় সোমবার আইপিএলের ফাইনাল চলার মধ্যে আবার হানা দেয় বৃষ্টি। গুজরাটের ইনিংস শেষ হলেও এরপরই নামে অঝোর বৃষ্টি।
তার জন্যও আবার শ্রদ্ধাকে দায় নিতে হচ্ছে কি না, তা এখনও জানা যায়নি।