১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৃষ্টির দাপটে রিজার্ভ ডেতে আইপিএল ফাইনাল

ফাইনালের নির্ধারিত দিনে টসই হতে পারল না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2023, 11:38 PM

Updated : 28 May 2023, 11:41 PM

সন্ধ্যার আগে কালো মেঘে ঢেকে গেল আহমেদাবাদের আকাশ। এরপর নামল বৃষ্টি। পেরিয়ে গেল টস ও খেলা শুরুর নির্ধারিত সময়। দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টি থামলে শুরু হলো মাঠ শুকানোর কাজ। জাগল খেলা শুরুর সম্ভাবনা। এর মাঝেই ফের বৃষ্টির হানা। আইপিএল ফাইনালের নির্ধারিত দিনে শেষ পর্যন্ত টসই হতে পারল না। শিরোপার ফয়সালা হবে রিজার্ভ ডেতে।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্সের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল রোববার বাংলাদেশ সময় রাত ৮টায়।

রাত সাড়ে ১১টার দিকে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। তখন যদিও বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু কাভারের ওপর পানি জমে ছিল অনেকটা।

সোমবার রিজার্ভ ডেতে একই সময়ে শুরু হবে ম্যাচ।

পঞ্চম শিরোপা জিতে রেকর্ড চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের পাশে বসার হাতছানি চেন্নাইয়ের সামনে। গুজরাটের সামনে সুযোগ টানা দ্বিতীয় শিরোপা জয়ের। গতবার নিজেদের অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা।