১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

‘পাসুরি’র বলিউড সংস্করণ নিয়ে তোপের মুখে অরিজিৎ

বলিউডের পুরানো সিনেমা ও গানের রিমেকে রীতিমতো ক্লান্ত দর্শক-শ্রোতারা।

‘পাসুরি’র বলিউড সংস্করণ নিয়ে তোপের মুখে অরিজিৎ

‘পাসুরি’র ভারতীয় সংস্করণ

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 04:03 PM

Updated : 27 Jun 2023, 04:03 PM

গতবছর পাকিস্তানি কোক স্টুডিও প্রযোজিত সুপারহিট গান ‘পাসুরি’ সমানভাবে সাড়া ফেলেছিল ভারতেও। তবে সেই গানের বলিউড সংস্করণ মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া এসেছে ভারতীয়দের কাছ থেকে। 

একদিকে গানটি গেয়ে তোপের মুখে পড়েছেন গায়ক অরিজিৎ সিং ও তুলসি কুমার। অন্যদিকে সমালোচনার মধ্যেই ইউটিউবে গানটির ভিডিওটি দেখতে হুমড়ি খেয়ে পড়া দর্শকও কম নেই।   

পাকিস্তানি শিল্পী আলি শেঠি ও শাই গিলের গাওয়া ‘পাসুরি’র বলিউড সংস্করণ মুক্তি পেয়েছে সোমবার। গানটি কার্তিক আরিয়ান ও কিয়ারা আভদানি অভিনীত সিনেমা ‘সত্যপ্রেম কি কথা’য় ব্যবহার করা হয়েছে। 

গানটি মুক্তি পাওয়ার পরে তা নিয়ে ভারতীয় শ্রোতারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। কিছু শ্রোতা নতুন ভার্সনটি পছন্দ করলেও, বেশি ভাগই সেটিকে অপ্রয়োজনীয় মনে করেছেন।

তীব্র সমালোচনার মধ্যেই গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি ইউটিউবে এখন পর্যন্ত এক কোটি বারের বেশি দেখা হয়েছে। 

ভারতীয় দর্শকদের বেশিরভাগই মিউজিক ভিডিওটির সমালোচনা করেছেন এবং সিনেমার স্বার্থে নির্মাতারা গানটিকে ‘সম্পূর্ণভাবে নষ্ট’ করেছেন বলে অভিযোগ তুলেছেন।

Image

পাকিস্তানি কোক স্টুডিও প্রযোজিত সুপারহিট গান ‘পাসুরি’

ভিডিওটির নিচে মন্তব্য বিভাগে একজন লিখেছেন, “চমৎকার চেষ্টা, আর চেষ্টা করবেন না।” 

আরেকজন লিখেছেন, “নিঃসন্দেহে অরিজিৎ সিং একজন দুর্দান্ত গায়ক। কিন্তু আপনার ভালো গান নষ্ট করা বন্ধ করতে হবে।”

অন্যরা বলেছেন, বলিউডের পুরানো সিনেমা ও গানের রিমেকে রীতিমতো ক্লান্ত তারা। 

তবে কেউ কেউ পাসুরির এই সংস্করণটি পছন্দও করছেন। 

এক অরিজিৎভক্ত লিখেছেন, “অরিজিৎ স্যারের পাসুরির সংস্করণটি প্রত্যেক সংগীত অনুরাগীর জন্য সেরা উপহার।”

পুরানো খবর:

২০২২: খোঁজার তালিকায় শীর্ষে যে ৫ গান

কোক স্টুডিওর চতুর্দশ সিজনের গান ‘পাসুরি’ পাঞ্জাবি আর উর্দু ভাষার মিশেলে গত বছরের শুরুতে ইউটিউবে আসে। ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি গেয়েছেন পাকিস্তানি শিল্পী আলী শেঠি ও শাই গিল। গানটি পাকিস্তানের সীমানা ছাড়িয়ে প্রথমে তুমুল জনপ্রিয় হয় ভারতে, এরপর এর সুরের ছটা ছড়িয়েছে বিশ্বজুড়ে।

কোক স্টুডিওর ১৪ বছরের ইতিহাসে চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত ইউটিউবে গানটি ৪১ কোটি বার দেখা হয়েছে, যা ইতিহাস।