২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিরহ আর না বলা কথার সুরে ‘কোক স্টুডিও বাংলা’তে এল ‘মথুরা’

গানের কথা ও সুর করেছেন অংকন কুমার রায়। গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 04:47 PM

Updated : 25 Sep 2026, 04:47 PM

'ভালোবাসা আছে, কিন্তু একসঙ্গে পথচলা নেই' এমনই এক অপূর্ণ প্রেমের আখ্যান নিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ আসরের পঞ্চম গান প্রকাশ্যে এসেছে।।

সেমিক্ল্যাসিক্যাল ঘরানার গান ‘মথুরা’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়। কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে গানটি।

বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, গানটির কথা ও সুর করেছেন অংকন কুমার রায়। গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সানজিদা মাহমুদ নন্দিতা। আর সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ।

গানটির কথা ও সুরে কাছাকাছি থেকেও আলাদা পথে বয়ে চলা দুজনের জীবনের গল্প এবং না-বলা কথার অনুভূতি উঠে এসেছে।

কোক স্টুডিও বাংলা বলছে, ‘মথুরা’ মূলত সেই অনুভূতির গান, যার গল্প শেষ হলেও রেশ থেকে যায়। জীবনে সম্পর্কের শেষটা একসঙ্গে না হলেও, মনের ভেতর কোনো কোনো ভালোবাসা ঠিকই বেঁচে থাকে। রুমিও -জুলিয়েটের মত যেসব প্রেমের গল্প পূর্ণতা পায়নি অথচ মানুষের মনে থেকে গেছে, ‘মথুরা’ গানে সেই চেনা আকুলতাই নতুন করে তুলে ধরা হয়েছে।