Published : 29 Aug 2026, 11:08 AM
মাসখানেক আগে একটি কনসার্টে ‘আর্ক’ ব্যান্ডের ভোকাল সৈয়দ হাসানুর রহমান হাসানকে লক্ষ্য করে বোতল ছোড়ার প্রতিবাদ জানাতে এবং শিল্পীদের প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিশেষ কনসার্টের আয়োজন করা হচ্ছে।
'লাউড সিটি টেকওভার' শিরোনামের এই কনসার্টটি হবে আগামী ৪ সেপ্টেম্বর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে।
'এক্স ফোর্স প্রেজেন্স' এর পৃষ্ঠপোষকতায় কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে 'গেট অ্যাম্পড সিরিজ' ও 'পিকআপ পয়েন্ট কমিউনিকেশন'।
গেল ৫ অগাস্ট 'জুলাই গণঅভ্যুত্থান' দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে সংগীত পরিবেশন করছিলেন হাসান।
সে সময় দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারলে তা নিয়ে সংগীত অঙ্গনের মানুষের মধ্যে ও সোশাল মিডিয়ায় ক্ষোভের সৃষ্টি হয়।
আয়োজকরা জানিয়েছেন, এই শিল্পীর প্রতি অসম্মানের প্রতিবাদ জানানো এবং মঞ্চে শিল্পীদের নিরাপত্তা ও স্বাধীনতার বার্তা দেওয়া এই দুই লক্ষ্যেই কনসার্টটির পরিকল্পনা করা হয়েছে।
সেদিন মঞ্চে উঠবেন হাসান ও তার ব্যান্ড 'আর্ক'। এছাড়া অন্যান্য ব্যান্ডের মধ্যে রয়েছে 'ক্রিপটিক ফেইট, 'কার্নিভাল', 'লেভেল ফাইভ', 'মেটাল এরর' ও 'আচার'। পাশাপাশি পরিবেশনায় থাকছেন এ কে রাহুল এবং র্যাপার ব্ল্যাক জ্যাং।
কনসার্টের দিন দুপুর ২টায় দর্শকের জন্য মিলনায়তনের গেইট খুলে দেওয়া হবে। বিকেল সাড়ে ৩টায় থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলবে এ আয়োজন।
টিকেট পাওয়া যাচ্ছে টিকিফাই প্লাটফর্মে।