০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এল নুসরাত-সজলের 'কন্যা' গান, আছে উৎসবের আবহ

গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা।

এল নুসরাত-সজলের 'কন্যা' গান, আছে উৎসবের আবহ
‘কন্যা’ গানের পোস্টার, ছবি: জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক থেকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 12:21 PM

Updated : 26 Aug 2026, 12:03 PM

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘জ্বীন ৩’ সিনেমার প্রথম গান 'কন্যা' প্রকাশ হয়েছে। নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল জুটিকে এই গানে পাওয়া গেছে উৎসবের আমেজে। 

জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পেইজে প্রচার হয়েছে গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা।  

গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সংগীতায়োজন করেছেন ইমরান।

‘কন্যা’ গানের দৃশ্য, ছবি: জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক থেকে।

‘কন্যা’ গানের দৃশ্য,

গানের ভিডিওচিত্রে দোল উৎসব, গ্রামীণ মেলা, রং-বেরঙের মুখোশ পরে নববর্ষ উদযাপনের দৃশ্য উঠে এসেছে। লাল শাড়ি ও বসন্তের রঙে সাজতে দেখা গেছে নুসরাতকে। আর সজল পরেছেন সাদা পাঞ্জাবি।

‘জ্বীন ৩’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান। গানটি নিয়ে পরিচালক বলেন,"গ্রাম বাংলার উৎসবের আমেজ তুলে ধরা হয়েছে গানটিতে। আশা করছি সবার ভালো লাগবে।"

সিনেমার গল্প নিয়ে রোমান বলেন,"‘মোনা: জ্বীন-২’ সিনেমা থেকে এবারের গল্পটা অনেক বেশি ভালো। সাড়া ফেলবে বলে আশা রাখছি।"

চিত্রনাট্য নিয়ে এই পরিচালক বলেছেন, আগে বাচ্চা একটি মেয়ের গল্প দেখানো হয়েছে, এবার একটা ছেলের গল্প উঠে এসেছে। 

তিনি বলেন, “ময়মনসিংহের বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে সিনেমাটি। এতে ভৌতিক ব্যাপার আছে, ইমোশন আছে। দর্শক গল্পের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারবে।"

‘জ্বীন ৩’ সিনেমা দিয়ে অর্ধযুগ পর জাজ মাল্টিমিডিয়ায় ফিরেছেন ফারিয়া।

ফারিয়াকে নিয়ে এই নির্মাতার ভাষ্য,"প্রায় সাত বছর পর জাজ মাল্টিমিডিয়ায় কাজ করছেন ফারিয়া। ফারিয়াকে এমন চরিত্রে দেখা যায়নি, সবাই তো তাকে গ্ল্যামারাস লুকে দেখে অভ্যস্ত। ফারিয়াকে গ্রামের এক সহজ সরল চরিত্রে দেখা যাবে।“  

‘কন্যা’ গানের পোস্টারে নুসরাত ফারিয়া, ছবি: জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক থেকে।

‘কন্যা’ গানের পোস্টারে নুসরাত ফারিয়া,

‘জ্বীন ৩’ সিনেমায় আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, নাদের চৌধুরীসহ অনেকে।

সিনেমায় তিনটি গান রয়েছে, যার একটি মুক্তি পেল।

২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘জ্বীন’ সিনেমা। ভালো ব্যবসা হওয়ায় সেটির ধারাবাহিকতায় গত রোজার ঈদে মুক্তি পায় ‘মোনা: জ্বীন-২’। এবার আসছে 'জ্বীন ৩'।