১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'অর্থহীন': সাবেক গিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণা

ড্রামার মার্ক ডন জানিয়েছেন, 'ব্যান্ডটির সঙ্গে তার এক দশকের যাত্রার সমাপ্তি হল।

'অর্থহীন': সাবেক গিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণা
'অর্থহীন' ব্যান্ডের নতুন লাইনআপ। ছবি: অর্থহীনের ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2026, 12:21 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

দুইজন সদস্যের ব্যান্ড ছাড়ার ঘোষণা পর নতুন লাইনআপের ঘোষণা দিয়েছে 'অর্থহীন' ব্যান্ড।

নতুন করে তিনজন মিউজিশিয়ানকে দলে যুক্ত করার খবর দিয়েছে দলটি। এর মধ্যে দলের আগের গিটারিস্ট শিশির আহমেদের ফেরার খবরও দিয়েছে ‘অর্থহীন’।  

ফেইসবুকে এক পোস্টে অর্থহীন লিখেছে, “আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের দুইজন অসাধারণ মিউজিশিয়ানকে বিদায় জানাচ্ছি, যারা আমাদের গান এবং আত্মার সাথে মিশে ছিলেন।”  

পোস্টে মার্ক ডনকে ব্যান্ডের ‘হৃদস্পন্দন’ হিসেবে বর্ণনা করেছে অর্থহীন।

"গত ১০টি অসাধারণ বছর ধরে মার্ক ছিলেন অর্থহীনের হৃদস্পন্দন। থান্ডারাস ডাবল-বেস থেকে শুরু করে বর্তমান সময়ের জটিল সব ড্রাম গ্রুভ, গিটার, কিবোর্ড সবখানেই তার নিষ্ঠা আর এনার্জি ছিল অতুলনীয়। মিউজিকের জগতে এক দশক মানে এক জীবনকাল; আমাদের অ্যালবাম এবং কনসার্টের প্রতিটি বিটে মার্কের স্মৃতি চিরস্থায়ী হয়ে থাকবে।"  

এদিকে, সকালে ব্যান্ড ছাড়ার ঘোষণা দিয়ে মার্ক ডন ফেইসবুকে লিখেছিলেন, “আজ থেকে অর্থহীনের সঙ্গে আমার যাত্রার সমাপ্তি হল। গত দশ বছরের পথচলা শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ব্যক্তিগত বিকাশ, অসংখ্য স্মৃতি এবং দীর্ঘ সময়ের অধ্যবসায়। এই অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।”

মার্ক ডন ২০১৬ সালে প্রকাশ হওয়া অ্যালবাম ‘ক্যান্সারের নিশিকাব্য’ রেকর্ডিংয়ের দিনগুলো, ‘ফিনিক্সের ডায়েরি ১’ এবং ‘ফিনিক্সের ডায়েরি ২’ তৈরির সময়ে নির্ঘুম রাত, আবেগঘন মুহূর্ত, দীর্ঘ অনুশীলন এবং টানা সফরের অভিজ্ঞতা মনে করেছেন।

তিনি বলেন, “এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রত্যেকবার ফিরে আসার সময় আমি ব্যান্ডটির জন্য আমার সর্বোচ্চটা দিয়েছি।”

গিটারিস্ট এহতেশামকে নিয়ে অর্থহীন লিখেছে, "নিজের কাজে একজন ওস্তাদ মানুষ। এহতেশাম তার গিটারের মেলোডি এবং টেকনিক্যাল মুন্সিয়ানা দিয়ে আমাদের সাউন্ডে এক নতুন মাত্রা যোগ করেছিলেন। ব্যান্ডের সাম্প্রতিক গানগুলো তৈরিতে তার অবদান অনস্বীকার্য।"  

দলে যুক্ত হলেন যারা    

নতুন তিনজন মিউজিশিয়ান অর্থহীন ব্যান্ডে যোগ দিয়েছেন। এর মধ্যে শিশির আহমেদ গিটার ও কিবোর্ডে ফিরে এসেছেন, যিনি ২০২৩ সালে অর্থহীনের সঙ্গে ২০ বছরের পথচলার ইতি ঘটিয়েছিলেন।    

শিশিরের ফেরার খবর দিয়ে অর্থহীন লিখেছে, "হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন! আমাদের পুরোনো এবং প্রিয় শিশির ফিরে এসেছে!

কিবোর্ড ও গিটারে নতুন মুখের পরিচয় করিয়ে দিয়ে অর্থহীন লিখেছে, "আদনান আতিক কিবোর্ড ও গিটারসের মাধ্যমে লাইভ পারফরম্যান্সে নতুন লেয়ার যোগ করবেন এবং গেস্ট ড্রামার শেখ এম. রিয়াজ রিদম সেকশনে নতুন শক্তি আনবেন।"  

দলটি আরও লিখেছে, “মুখগুলো বদলে গেলেও অর্থহীনের আত্মা সেই আগের মতই আছে। আমরা শিগগিরই স্টুডিওতে ফিরবো এবং মঞ্চে ফেরার প্রস্তুতি নেব। প্রতিটি চড়াই-উতরাইয়ে পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সেরা সময়টা এখনো আসা বাকি।”

বর্তমানে ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন, যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত।

আরও পড়ুন:

একসঙ্গে 'অর্থহীন' ছাড়লেন ড্রামার ও গিটারিস্ট

অর্থহীনের নতুন মুখ এহতেশাম 

ফিরলেন 'বেজবাবা' সুমন, বিদায় নিলেন ফাহিম

'অর্থহীন' ছাড়লেন শিশির