Published : 05 Mar 2026, 02:10 PM
একই দিনে একসঙ্গে ব্যান্ডদল ‘অর্থহীন’ ছাড়ার ঘোষণা দিলেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন।
বৃহস্পতিবার সকালে ফেইসবুক পোস্টে দুইজনই এ ঘোষণা দেন। মার্ক ডন জানিয়েছেন, ব্যান্ডটির সঙ্গে তার এক দশকের যাত্রার সমাপ্তি হল।
আর এহতেশাম এক বছরের পথচলার ইতি টেনে বলেছেন, তিনি স্বাধীনভাবে সংগীতযাত্রা চালিয়ে যাবেন।
দশ বছরের যাত্রার সমাপ্তি
ফেইসবুক পোস্টে মার্ক ডন লিখেছেন, “আজ থেকে অর্থহীনের সঙ্গে আমার যাত্রার সমাপ্তি হল। গত দশ বছরের পথচলা শুধু সংগীতের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এর সঙ্গে জড়িয়ে আছে পরিবার, ব্যক্তিগত বিকাশ, অসংখ্য স্মৃতি এবং দীর্ঘ সময়ের অধ্যাবসায়। এই অভিজ্ঞতাগুলোই আমাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।”
২০১৬ সালে প্রকাশিত অ্যালবাম ‘ক্যান্সারের নিশিকাব্য’ রেকর্ডিংয়ের সময়ের দিনগুলো স্মরণ করেন মার্ক ডন। এছাড়া ‘ফিনিক্সের ডায়েরি ১’ এবং ‘ফিনিক্সের ডায়েরি ২’ তৈরির সময়ে নির্ঘুম রাত, আবেগঘন মুহূর্ত, দীর্ঘ অনুশীলন এবং টানা সফরের অভিজ্ঞতাও তুলে ধরেন।
ডন লিখেছেন, “এই এক দশকে আমি ব্যান্ডটিকে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে দেখেছি। দীর্ঘ বিরতি, আবার নতুন করে দল গড়ে তোলা, প্রত্যেকবার ফিরে আসার সময় আমি ব্যান্ডটির জন্য আমার সর্বোচ্চটা দিয়েছি।”

মঞ্চে পারফরম্যান্সের সময় নানা চ্যালেঞ্জের কথাও স্মরণ করেন ডন। কখনও পরিবেশনার মাঝখানে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আবার কখনও দর্শকের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া, তবুও তারা একসঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থেকেছেন।
“আমি আন্তরিকভাবে আশা করি অর্থহীন ভবিষ্যতেও যেন তাদের সেরা কাজগুলো চালিয়ে যেতে পারে।”
ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে এই ড্রামার লিখেছেন, “সরাসরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ভালোবাসা আমাকে কঠিন সময় পার করতে সাহায্য করেছে এবং সাফল্যের মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলেছে।”
শেষে তিনি লিখেছেন, “এই অধ্যায় শেষ হলেও গত এক দশকের স্মৃতি, পরিশ্রম এবং সৃষ্টি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। কৃতজ্ঞতা ও গর্ব নিয়েই আমি এই অধ্যায় শেষ করছি।”
গেল বছরের জানুয়ারি মাসে অর্থহীন ব্যান্ডে যুক্ত হয়েছিলেন এহতেশাম। তখন তিনি বলেছিলেন, এই ব্যান্ড দিয়েই সংগীতাঙ্গনে পাকাপাকিভাবে যাত্রা শুরু হল তার।
এক বছরের মাথায় ব্যান্ড থেকে সরে গিয়ে ফেইসবুকে এহতেশাম লিখেছেন, সংগীতজীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার আগে ব্যান্ডটির সঙ্গে কাটানো সময়ের জন্য তিনি কৃতজ্ঞ।
"একসঙ্গে ভাগ করে নেওয়া প্রতিটি মঞ্চ, অসংখ্য রিহার্সাল এবং এই পথচলায় যারা সমর্থন দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের ভালোবাসা আমার কাছে ভাষায় প্রকাশের চেয়েও বেশি মূল্যবান।"
তিনি লিখেছেন, “এখন থেকে আমি স্বাধীনভাবে আমার সংগীতযাত্রা চালিয়ে যাব। নতুন সৃজনশীল দিক অন্বেষণ করব এবং একজন শিল্পী হিসেবে নিজেকে আরও এগিয়ে নিতে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করব।”
পোস্টের শেষ দিকে ব্যান্ডটির জন্য শুভকামনা জানিয়ে এই গিটারিস্ট লিখেছেন, "অর্থহীনের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। তাদের সামনে এগিয়ে চলার পথে সাফল্য কামনা করি।”
বিষয়টি নিয়ে কথা বলতে এহতেশামকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
অর্থহীন ব্যান্ড থেকেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।
‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত। সুমন ছাড়া অর্থহীনে এখন আর কেউ রইল না।