১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বলিউডি অভিনেত্রী মালাইকার বাবার ‘আত্মহত্যা’

অনিল অরোরা মুম্বাইয়ের বান্দ্রায় সাততলা একটি ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2024, 05:26 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

বলিউডের অভিনেত্রী ও মডেল মাইলাকা অরোরার বাবা ‘আত্মহত্যা’ করেছেন।

মুম্বাইয়ের পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৯টার দিকে ৬৫ বছর বয়সী অনিল অরোরা মুম্বাইয়ের বান্দ্রায় সাততলা একটি ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

এনডিটিভি লিখেছে, অনিল অরোরা ভারতীয় নৌবাহিনীতে কাজ করতেন; তিনি ওই ভবনে নিজের ফ্ল্যাটে থাকতেন।

খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায়। এরপর অনিল অরোরার দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ওই অ্যাপার্টমেন্টটি তারা ঘিরে রেখেছে এবং এই ঘটনার তদন্ত করা হচ্ছে। 

অনিল অরোরা কেন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মালাইকা ওই সময় মুম্বাইতে ছিলেন না, তিনি ছিলেন পুনেতে।  বাবার মৃত্যুর খবর পেয়ে সেখান থেকে রওনা দিয়েছেন। 

অনিল অরোরার আত্মহত্যার খবর পেয়ে মালাইকার সাবেক স্বামী আরবাজ খান ঘটনাস্থলে পৌঁছে যান। ওই বাড়িতে গেছেন মালাইকার প্রেমিক অর্জুন কাপুরও, যার সঙ্গে এই অভিনেত্রীর বিচ্ছেদ গুঞ্জন চলছে কয়েক মাস ধরে।

মালাইকার জন্ম মহারাষ্ট্রে। এই অভিনেত্রীর ১১ বছর বয়সে তার বাবা-মা অনিল অরোরা ও জয়েস পলিকার্পের বিচ্ছেদ হয়ে যায় বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। 

মালাইকা বলেছিলেন,  আলাদা হওয়ার পর তাদের দুই বোনকে একা হাতে তাদের মা বড় করে তোলেন। তবে বাবার সঙ্গে মালাইকার নিয়মিত যোগাযোগ ছিল। 

বিশেষ করে কোনো উৎসবের দিনে মালাইকা তার বাবার সঙ্গে দেখা করতেন। এবং মালাইকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে বাবার সঙ্গে তার ছবিও প্রায়ই দেখা গেছে।