‘গজনি’ সিনেমার সেই খলনায়ক প্রদীপ রাওয়াত মারা গেছেন
‘গজনি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান।
জনপ্রিয় ‘গজনি’ সিনেমার খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই।
এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
দীর্ঘ দিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের মানুষেরা।
তিন দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় এবং মালয়ালম সিনেমাতে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত।
কলকাতার সংবাদমাধ্যম এইসময় লিখেছে, ২০০৫ সালে মুক্তি পাওয়া তামিল ‘গজনি’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। তার অভিনয় এতটাই প্রশংসিত হয়েছিল যে ২০০৮ সালে আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমার হিন্দি সংস্করণেও একই চরিত্রে তাকেই নেওয়া হয়।
‘গজনি’ ছাড়াও আমির খানের ‘লগান’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। টেলিভিশনের দর্শকদের কাছে তিনি পরিচিত বি আর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক ‘মহাভারত’ এর অশ্বত্থামা হিসেবে। দ্রোণাচার্যের ছেলের চরিত্রে তার অভিনয় জনপ্রিয়তা পেয়েছে।
১৯৮৫ সালে ‘মেরি জং’ ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন প্রদীপ রাওয়াত। এর পর ‘সরফরোশ’, ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ এ স্পাই’, ‘স্ট্যালিন’, ‘ভীরম’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন তিনি।
২০০৪ সালে এস এস রাজামৌলি পরিচালিত ‘সায়ে’ ছবির মাধ্যমে তেলুগু চলচ্চিত্রে অভিষেক হয় তার। এর পর দক্ষিণী সিনেমাতেও জনপ্রিয় খলনায়ক হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন এ অভিনেতা।
