১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিচ্ছেদ চান ‘রঙ্গিলা’ উর্মিলা

উর্মিলা ও মহসিন নাকি আলাদাও থাকছেন অনেক দিন ধরে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 09:42 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

বিয়ের আট বছর পর স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চাইছেন হিন্দি সিনেমার অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর।

বয়সে দশ বছরের ছোট মহসিন আখতার মীরের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন তিনি। তবে কেন বিচ্ছেদ চাইছেন ‘রঙ্গিলা’ সিনেমার এই নায়িকা, তা জানা যায়নি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা করেছেন উর্মিলা। 

গুঞ্জন উঠেছে, দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক ‘শীতল’। উর্মিলা ও মীর নাকি আলাদাও থাকছেন অনেক দিন ধরে। 

মীরের সঙ্গে উর্মিলার আলাপ হয়েছিল ২০১৪ সালে ডিজাইনার মনীশ মালহোত্রার ভাতিজির বিয়েতে। এরপর শুরু প্রেম। দুই বছর পর ২০১৬ সালে মুসলিম ধর্মের মীরকে  বিয়ে করেন উর্মিলা। 

মীর একজন মডেল। ২০০৭ সালের মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। তিনি কাশ্মীরের প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীও। কয়েকটি সিনেমায় মীর কাজ করলেও, চলচ্চিত্র সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। 

বয়সে ১০ বছরের ছোট একটি ছেলেকে বিয়ে করে সে সময় আলোচনায় আসেন উর্মিলা। বিয়ের কাজটি এই অভিনেত্রী ঘরোয়া এবং গোপনীয়তার মধ্যেই সেরেছিলেন। বলিউডের চেনাজানাদের মধ্যে কেবল ডিজাইনার মনিশ মালহোত্রাই বিয়েতে উপস্থিত ছিলেন। গত এক দশকে উর্মিলা ও মীরকে খুব কম অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে।

‘মাসুম' সিনেমার শিশুশিল্পী হিসেবে নজর কেড়েছিলেন উর্মিলা। পরে ‘আ গালে লাগ যা’ দিয়ে সিনেমা শুরু করলেও উর্মিলা নায়িকা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন 'রঙ্গিলা' সিনেমার মাধ্যমে। 

এরপর ‘সত্য', 'প্যায়ার তুনে ক্যায়া কিয়া', 'এক হাসিনা থি'র মতে সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছেন ।

একের পর এক সিনেমা করে গেলেও নাচের পাশাপাশি খোলামেলা দৃশ্যের জন্যই উর্মিলা পরিচিতি পান বেশি। হিন্দি ছাড়াও তাকে অভিনয় করতে দেখা গেছে মারাঠি, তেলুগু, তামিল ও মালয়ালাম সিনেমায়।

দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকা এই অভিনেত্রী রাজনীতির আঙিনায় পা রেখেছিলেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে বলিউড এই অভিনেত্রী যোগ দেন কংগ্রেসে। ভোট করেও জিততে পারেননি।

এরপর তিনি কংগ্রেস ছেড়ে শিবসেনায় যোগদান করেন। 

২০০৮ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ‘কর্জ’ ও ‘ব্ল্যাকমেইল’ সিনেমার মধ্যে অনেক সুযোগ থাকা সত্ত্বেও উর্মিলা অনেক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে। 

পরে ২০২২ সালে ওয়েব সিরিজে ‘তিওয়ারি’ করে ওটিটিতে অভিনয়ের নতুন অধ্যায়ে নাম লেখান এই অভিনেত্রী।

এখন শোনা যাচ্ছে যে ঊর্মিলা বলিউডে আবার পুরোদমে ফিরতে চান।

বিয়ে করলেন উর্মিলা

'রঙ্গিলা' উর্মিলা নাচতে নাচতে উনপঞ্চাশে