নোবেলের ‘প্রতারণা’ মামলায় তদন্ত প্রতিবেদন পেছাল
ঢাকার মহানগর হাকিম আদালত আগামী ২৮ অগাস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দিয়েছে।
এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়েও গান গাইতে অনুষ্ঠানে না যাওয়ায় গায়ক মাইনুল আহসান নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।
রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ থাকলেও গোয়েন্দা পুলিশ তা দিতে না পারায় ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আগামী ২৮ অগাস্ট প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ঠিক করে দেন।
শরীয়তপুরের একটি অনুষ্ঠানে গান গাওয়ার জন্য প্রায় পৌনে দুই লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ২০ মে ঢাকার মতিঝিল থানায় মামলা হয় নোবেলের বিরুদ্ধে।
সেই মামলায় পরদিন ভোরে নোবেলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে নোবেলকে আদালতে তোলা হলে ২২ মে তাকে জামিন দেন বিচারক।
মতিঝিল থানায় মামলাটি করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি।
মামলার অভিযোগ, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত শরীয়তপুর ভেদরগঞ্জ হেডকোয়ার্টার উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলের সঙ্গে এক লাখ ৭৫ হাজার টাকার চুক্তি করেছিল আয়োজকরা। নোবেলকে কয়েক দফায় ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়াও হয়েছিল। কিন্তু তিনি অনুষ্ঠানে যাননি, যে কারণে অস্বস্তিতে পড়তে হয় আয়োজকদের।
২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভির রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনায় আসেন নোবেল। তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্কও বাড়ছে।
এর আগে গত ২৬ এপ্রিল কুড়িগ্রামে গান পরিবেশনের সময় মঞ্চে নোবেলের ‘অসংলগ্ন আচরণে’ ক্ষুব্ধ হয়ে জুতা ও পানির বোতল ছুড়েছে দর্শক। আর তাতে পণ্ড হয় ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।
