২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামর্থ্য ছিল না রাহুল রায়ের, চিকিৎসার খরচ দিয়েছিলেন সালমান

রাহুলের বোন প্রিয়াঙ্কা মনে করেন, সালমান কেবল পর্দার তারকাই নয়, ব্যক্তি জীবনেও একজন তারকা।

সামর্থ্য ছিল না রাহুল রায়ের, চিকিৎসার খরচ দিয়েছিলেন সালমান

রাহুল রায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 02:55 PM

Updated : 15 Jul 2023, 02:59 PM

আশিকীর মতো তোলপাড় করা সিনেমা দিয়ে বলিউডে যার অভিষেক, সেই রাহুল রায় চিকিৎসার খরচ মেটানোর সামর্থ্য হারিয়েছিলেন; আর তার এই দুঃসময়ে এগিয়ে এসেছিলেন আরেক অভিনেতা সালমান খান।

বছর তিনেক আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত রাহুলের চিকিৎসায় ‘বলিউড ভাইজান’র এগিয়ে আসার খবর সম্প্রতি প্রকাশ করেছেন রাহুলের বোন প্রিয়াঙ্কা রায়।

ভাইয়ের চিকিৎসার খরচ মেটানোর জন্য তিনি সালমানকে ধন্যবাদ দিয়েছেন বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা।

২০২০ সালে ‘এলএসি– লিভ দ্য ব্যাটল ইন কার্গিল’ সিনেমার শুটিং চলাকালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল। তারপর তাকে ওকহার্ডট হাসপাতালে ভর্তি করে মস্তিষ্ক এবং হার্টের এনজিওগ্রাফি করা হয়েছিল। কিছুদিন চিকিৎসার পর তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে প্রায় দেড় মাস চিকিৎসা চলে তার।

Image

সালমান খান, রাহুল রায় ও প্রিয়াঙ্কা রায়

প্রিয়াঙ্কা বলিউড হাঙ্গামাকে বলেছেন, সে সময় পুরো চিকিৎসার বিল পরিশোধ করার মতো সামর্থ্য ছিল না রাহুলের। এলএসির পরিচালক তার প্রাপ্য পারিশ্রমিক কিছু অংশ তাকে দিয়েছিল ঠিকই, কিন্তু তা যথেষ্ট ছিল না। তখন ‘দেবদূতের মতো’ পাশে দাঁড়িয়েছিলেন সালমান। তিনি রাহুলকে ফোন করে আর্থিক সাহায্যের প্রস্তাব দেন এবং হাসপাতালের অবশিষ্ট বিল মিটিয়ে দেন।

“সবচেয়ে দারুণ ব্যাপার হল, মিডিয়ায় এ নিয়ে কখনও তিনি কথা বলেননি তিনি। এ বিষয়টিই ছুঁয়ে গিয়েছিল। আমরা তার কাছে কোনো সাহায্য চাইনি, অথচ তিনিই এগিয়ে এসেছিলেন।”

“সালমান কেবল পর্দার তারকাই নয়, ব্যক্তি জীবনেও একজন তারকা। অথচ লোকে তাকে নিয়ে কত কথাই তো বলে, কিন্তু আমার জন্য তিনি একজন ভালো মানুষ,” বলেন প্রিয়াঙ্কা।

তিনি জানান, সুস্থ হয়ে ওঠার পর সালমানের সঙ্গে কাজ করারও পরামর্শও ভাইকে দিয়েছেন তিনি।

বর্তমানে ৫৫ বছর বয়সী রাহুলের বলিউডে অভিষেক ঘটে ১৯৯০ সালে আশিকী সিনেমা দিয়ে। সুপারহিট সেই সিনেমার পর ২০০১ সাল পর্যন্ত টানা অভিনয় করলেও বলিউডে নিজের ভিত মজবুত করতে পারেননি তিনি।

রাহুলের এক বছর আগে প্যায়নে প্যায়ার কিয়া দিয়ে বলিউডে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় সালমানের, তা এখনও চলছে।